Published : 26 Feb 2026, 07:24 PM
প্রোটনের সহযোগিতায় আনুষ্ঠানিকভাবে জিপি কো-ব্র্যান্ডেড প্রোটন জেট ফোরজি ক্লাউড ফোন উন্মোচন করেছে টেলিযোগাযোগ সেবাদাতা কোম্পানি গ্রামীণফোন।
দেশজুড়ে আরও বেশি মানুষের জন্য সাশ্রয়ী ফোরজি ইন্টারনেট সুবিধা নিশ্চিত করার লক্ষে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে গ্রামীণফোন।
সম্প্রতি জিপিহাউসে আয়োজিত কো-ব্র্যান্ডেড এ ফোনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী, গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার সোলায়মান আলম, চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশীদ এবং আরএফএলের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।
গ্রামীণফোন বলেছে, উদ্যোগটি দেশব্যাপী ডিজিটাল অন্তর্ভুক্তি ত্বরান্বিত করার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির অগ্রযাত্রায় আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বাংলাদেশের সর্বনিম্ন মূল্যের ফোরজি ক্লাউড ফোন হিসেবে ১ হাজার ৮৯৯ টাকা দামে বাজারে আসা প্রোটন জেট ফোরজি ফোনে রয়েছে বিল্ট-ইন মাইজিপি অ্যাপ। এছাড়া ক্লাউডচ্যাট অ্যাপের মাধ্যমে অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় ডিভাইস ব্যবহারকারীদের সঙ্গে ভিডিও কলিং সুবিধা উপভোগ করতে পারবেন গ্রাহকরা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যবহারবান্ধব ও সহজলভ্যতার কথা বিবেচনায় রেখে তৈরি এই ডিভাইস ইন্টারনেট ব্রাউজ করা, প্রিয়জনদের সঙ্গে সংযুক্ত থাকা এবং সহজে প্রয়োজনীয় ডিজিটাল সেবা গ্রহণের সুযোগ নিশ্চিত করবে।
কোম্পানিটি বলেছে, প্রোটন জেট ফোরজি কিনলে গ্রামীণফোনের প্রত্যেক গ্রাহক পাবেন ৭ দিনের মেয়াদসহ এককালীন ১ জিবি ফ্রি ইন্টারনেট। এছাড়া ছয় মাস পর্যন্ত প্রতিদিন একবার করে ২৪ টাকায় ৭ দিনের জন্য ২ জিবি ইন্টারনেট কিনতে পারবেন গ্রাহকরা। ইউএসএসডি কোড *১২১*১২৬০# ডায়াল করে বিশেষ ডেটা প্যাকগুলো গ্রহণ করতে পারবেন গ্রাহকরা।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, “গ্রামীণফোনে আমরা বিশ্বাস করি, সুযোগ তৈরির জন্য সংযোগ একটি মৌলিক বিষয়। জিপি কো-ব্র্যান্ডেড প্রোটন জেট ফোরজি ক্লাউড ফোনের মাধ্যমে আমরা কোটি মানুষের জন্য ফোরজি ইন্টারনেটকে আরও সহজলভ্য ও সাশ্রয়ী করে তুলছি।”
প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী বলেন, “গ্রামীণফোনের সঙ্গে এই সহযোগিতা বাংলাদেশের মানুষের কাছে উদ্ভাবনী ও সাশ্রয়ী ডিজিটাল সমাধান পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমাদের যৌথ অঙ্গীকারের প্রতিফলন।”