ক্যান্সার আক্রান্তদের সহায়তায় স্বেচ্ছাসেবকদের নিয়ে সিসিসিএফের সভা
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা স্বেচ্ছাসেবী হিসেবে নিজেদের ভূমিকা সম্পর্কে সম্যক ধারণা পান।
ক্যান্সার আক্রান্তদের পাশে দাঁড়াতে আগ্রহী স্বেচ্ছাসেবকদের নিয়ে ‘স্বেচ্ছাসেবক সংযোগ ও প্রশিক্ষণ সভা’ করেছে সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন (সিসিসিএফ)।
শনিবার বিকালে ঢাকার বাংলামোটরে সভা হয়েছে বলে সিসিসিএফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
আয়োজকরা বলছেন, সভার মূল লক্ষ্য ছিল নতুন স্বেচ্ছাসেবকদের পরিচিতি, প্রস্তুতি ও প্রশিক্ষণের মাধ্যমে মানবিক শক্তি গড়ে তোলা, যারা ক্যান্সার আক্রান্ত রোগীদের পাশে থেকে সহানুভূতিশীল মনোভাব নিয়ে মানসিক ও ব্যবহারিক সহায়তা প্রদান করতে আগ্রহী ও সক্ষম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা স্বেচ্ছাসেবী হিসেবে নিজেদের ভূমিকা সম্পর্কে সম্যক ধারণা পান। দল গঠন, কার্যক্ষেত্র নির্ধারণ ও হাসপাতাল পরিদর্শনের সময় রোগীদের প্রতি সহানুভূতির আচরণ ও মানসিকভাবে তাদের সমর্থন দেওয়ার সম্পর্কে তারা ধারণা লাভ করেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “প্রশিক্ষণ মডিউলটি ছিল বহুমাত্রিক ও কার্যকর। এতে ক্যান্সার রোগ সম্পর্কে মৌলিক জ্ঞান, সচেতনতা তৈরির কৌশল, নারীদের জন্য ‘ব্রেস্ট সেল্ফ এক্সামিনেশন’, হেলথ ক্যাম্প, সংগঠনের পরিকল্পনা এবং বাস্তবায়ন কৌশল ছিল।
“এ ছাড়া কাউন্সেলিংয়ের মৌলিক দিক, যোগাযোগ দক্ষতা বৃদ্ধি, বাসা ও হাসপাতালে সেবা দেওয়ার নিয়মকানুন এবং জরুরি পরিস্থিতি মোকাবেলার করণীয় নিয়েও সভায় বিস্তারিত আলোচনা হয়েছে।”
সিসিসিএফ নির্বাহী সদস্য মো. তরিকুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রশিক্ষক হিসেবে ছিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আবু জামিল ফয়সাল, মলয় কান্তি মৃধা, ক্যান্সার সার্ভাইভার এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ রীনা রানী পাল।
