১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আন্তর্জাতিক লেনদেনে ‘সুইফটের’ নতুন পরিকাঠামোতে যুক্ত হচ্ছে সিটি ব্যাংক

এর মাধ্যমে ব্যক্তি গ্রাহক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য আন্তর্জাতিক অর্থ প্রেরণ ও গ্রহণ প্রক্রিয়া আরও ‘সহজ, দ্রুত ও নির্ভরযোগ্য’ হবে বলে ব্যাংকটি মনে করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2026, 07:59 PM

Updated : 26 Aug 2026, 03:10 PM

আন্তর্জাতিক লেনদেন সেবার মান আরও উন্নত করতে ‘সুইফটের’ নতুন পরিকাঠামো গ্রহণ করার কথা জানিয়েছে সিটি ব্যাংক।

এর মাধ্যমে ব্যক্তি গ্রাহক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য আন্তর্জাতিক অর্থ প্রেরণ ও গ্রহণ প্রক্রিয়া আরও ‘সহজ, দ্রুত ও নির্ভরযোগ্য’ হবে বলে ব্যাংকটি মনে করছে।

২০২৫ সালের সেপ্টেম্বর মাসে প্রবর্তিত এ কাঠামো ২০২৬ সালের মধ্যে বাস্তবায়িত হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

‘সুইফট’ বিশ্বব্যাপী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে নিরাপদ বার্তা আদান-প্রদানের একটি ‘সুরক্ষিত নেটওয়ার্ক’, যেটি এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে লেনদেনের তথ্য দ্রুত ও নিরাপদে পৌঁছে দেয়।

সম্প্রতি ব্যাংকটির প্রধান কার্যালয়ে ‘তাৎক্ষণিক বৈশ্বিক অর্থপ্রদান পর্যবেক্ষণ (সুইফট জিপিআই)’ শীর্ষক একটি উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়।

সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন, সুইফটের ভারত ও দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা ও আঞ্চলিক প্রধান কিরণ শেট্টি এবং সুইফটের হিসাব পরিচালক (ভারত) ও বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার অর্পিতা ঘোষ সেখানে উপস্থিত ছিলেন।

মাসরুর আরেফিন বলেন, “ডিজিটাল যুগে গ্রাহকের প্রত্যাশা দ্রুত পরিবর্তিত হচ্ছে। আমাদের লক্ষ্য প্রতিটি লেনদেনকে শুধু নিরাপদ নয়, বরং শুরু থেকে শেষ পর্যন্ত স্বচ্ছ, নির্ভরযোগ্য ও জবাবদিহিমূলক করা।”

সুইফটের পক্ষে কিরণ শেট্টি বলেন, “আন্তর্জাতিক লেনদেনে গ্রাহকদের সর্বোত্তম অভিজ্ঞতা নিশ্চিত করার লক্ষ্যে আমরা ব্যাংকসমূহকে একীভূতভাবে কাজ করতে উৎসাহিত করছি। এই কাঠামো গ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক লেনদেন আরও দ্রুত, সাশ্রয়ী ও নিরাপদ হবে।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ব্যবস্থায় বিদেশে শিক্ষা, চিকিৎসা বা অন্যান্য প্রয়োজনীয় ব্যয়ের জন্য অর্থ পাঠানোর ক্ষেত্রে গ্রাহকরা ‘পূর্ণ স্বচ্ছতার’ সঙ্গে তাদের লেনদেন পর্যবেক্ষণ করতে পারবেন।