Published : 06 Sep 2025, 06:12 PM
নানা ফি ও বিনিময় হার কম হওয়ার কারণে দেশে ২০২৪ সালে প্রায় ১৬ হাজার কোটি টাকা কম রেমিটেন্স আসার কথা বলছে ফিনটেক কোম্পানি ও মানি ট্রান্সফার অ্যাপ— না’লা।
বাংলাদেশে নিজেদের কার্যক্রম সম্পর্কে জানাতে শনিবার ঢাকায় প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে সংবাদ সম্মেলন করে বহুজাতিক কোম্পানিটি।
পরে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালে বৈশ্বিক রেমিটেন্সের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৯০৫ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে উচ্চ ফি, লুকানো চার্জ ও কম এক্সচেঞ্জ রেটের কারণে বিশ্বব্যাপী প্রায় ৫৭ বিলিয়ন ডলার অপচয় হয়েছে।
“একই সময়ে বাংলাদেশে প্রবাসীরা পাঠিয়েছেন ২৬ দশমিক ৯ বিলিয়ন ডলার, যার মধ্যে ১ দশমিক ৪৮ বিলিয়ন ডলার (প্রায় ১৬ হাজার ২০০ কোটি টাকা) অতিরিক্ত খরচে হারিয়ে গেছে। এই অঙ্ক বাংলাদেশের বার্ষিক বাজেটের প্রায় ২ শতাংশ এবং জিডিপি প্রায় শূন্য দশমিক ৩৩ শতাংশের সমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, না’লা বাংলাদেশ এর হেড অব গ্রোথ মাহমুদুল হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন তমা রশিদ।
মাহমুদুল হাসান বলেন, “বাংলাদেশি প্রবাসীদের কষ্টার্জিত টাকা জিরো ফিতে দ্রুত এবং নিরাপদভাবে দেশে পৌঁছানোই আমাদের অঙ্গীকার। প্রবাসীরা কঠোর পরিশ্রম করে পরিবারকে সহায়তা করেন, তাদের উপার্জিত প্রতিটি টাকা শুধু পরিবারের জীবনমান নয়, দেশের অর্থনীতিকেও সমৃদ্ধ করে। তাই রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়ায় যেন বাড়তি খরচ, হিডেন চার্জ বা বাড়তি সময় না লাগে, সেই লক্ষ্যেই কাজ করছে না’লা।”
প্রবাসীদের সাচ্ছন্দ্য মাথায় রেখে অ্যাপটি চালু হয়েছে জানিয়ে বক্তারা বলেন, প্রবাস জীবনে সবাই নানাভাবে ব্যস্ত থাকেন। ব্যাংক বা বিভিন্ন মানি এক্সচেঞ্জে গিয়ে টাকা পাঠানো অনেক সময় ঝামেলাপূর্ণ হয়ে পড়ে, তাছাড়া অতিরিক্ত চার্জও গুনতে হয়।
এমন পরিস্থিতিতে না’লার প্ল্যাটফর্মটির মাধ্যমে প্রবাসীরা মোবাইল ফোন ব্যবহার করে ঘরে বসেই ভালো বিনিময় মূল্যে ও বিনামূল্যে দেশে অর্থ পাঠাতে পারবেন।
না'লা বলছে, বর্তমানে তাদের অ্যাপ ব্যবহার করে প্রবাসীরা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের ২১টি দেশ থেকে বাংলাদেশে টাকা পাঠাতে পারেন। ২০২১ সালে চালু হওয়া অ্যাপটির ব্যবহারকারী ইতোমধ্যে ৫ লাখ ছাড়িয়েছে।
না'লা অ্যাপের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠানো দেশগুলো হলো– অস্ট্রিয়া, বেলজিয়াম, সাইপ্রাস, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, ইটালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।
না'লা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপ থেকে বাংলাদেশসহ আফ্রিকা ও এশিয়ার ১৪টি দেশে দ্রুত, নিরাপদ ও সাশ্রয়ী উপায়ে টাকা পাঠানোর সুবিধা দেয়।
অ্যাপটির মাধ্যমে ২৪৯টি ব্যাংক ও ২৬টি মোবাইল মানি সার্ভিসে লেনদেন সম্ভব।