Published : 16 Jan 2026, 08:14 PM
সারা বিশ্বের দেড় ট্রিলিয়ন ডলারের তৈরি পোশাক বাজারের চাকরি ধরতে ‘ব্যাচেলর অব অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যান্ড ম্যানেজমেন্ট প্রোগ্রাম’ চালু করেছে বেসরকারি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ)।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়টি বলেছে, শিক্ষার্থীদের পোশাক শিল্পের পূর্ণাঙ্গ ব্যবসায়িক ও প্রযুক্তিগত জ্ঞান দিতে কস্টিং, প্রোডাকশন প্ল্যানিং, কোয়ালিটি কন্ট্রোল এবং গ্লোবাল সাপ্লাই চেইন লজিস্টিকসের মতো বিষয় নিয়ে এ বিভাগ সাজানো হয়েছে।
পাশাপাশি ফেব্রিক সায়েন্স, গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং এবং ডেটা-চালিত ট্রেন্ড ফোরকাস্টিংয়ের মত বিষয়ের মাধ্যমে শিক্ষার্থীদের প্রস্তুত করা হবে। ‘আল্ট্রা-ফাস্ট ফ্যাশন’ বাজারের জ্ন্য এ বিষয়গুলো শিক্ষার্থীদের সহায়তা করবে বলে আইএসইউ কর্তৃপক্ষ মনে করছে।
এ বিভাগের চেয়ারপারসন জগলুল হক মৃধা বলেন, “এই প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন সংস্কৃতি ও আন্তর্জাতিক নৈতিক মানদণ্ড অনুসরণ করে জটিল প্রোডাকশন টাইমলাইন পরিচালনার দক্ষতা অর্জন করবে। ফলে দেশীয় শিল্পের পাশাপাশি বৈশ্বিক পোশাক বাজারেও তাদের কাজের সুযোগ তৈরি হবে।”
এইচএসসি উত্তীর্ণ বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা এ বিষয়ে ভর্তি হতে পারবেন। কোর্স শেষে মার্চেন্ডাইজার, প্রোডাকশন ম্যানেজার, সাপ্লাই চেইন ম্যানেজার, কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানেজার, কমপ্লায়েন্স ম্যানেজার এবং রিটেইল প্ল্যানারের মত পদে কাজের সুযোগ তৈরি হবে।
মোট ১৪০ ক্রেডিটের এ কোর্স শেষে শিক্ষার্থীরা স্ট্যান্ডার্ড গ্রুপের ৩০টির বেশি সহযোগী কোম্পানিতে চাকরির সুযোগ পাবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আইএসইউ জনসংযোগ বিভাগ জানায়, স্প্রিং ২০২৬ সেমিস্টারের জন্য বিশেষ অফার হিসেবে টিউশন ফির ওপর ফ্ল্যাট ৫০ শতাংশ ওয়েভার দেওয়া হচ্ছে।
এই স্কলারশিপের আওতায় পুরো প্রোগ্রামের মোট খরচ দাঁড়াবে মাত্র ২ লাখ ৬০ হাজার ৫০০ টাকা।