২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণফোন ‘ফিউচারমেকার্স’ প্রতিযোগিতায় জিতল কারা

এ উদ্যোগের লক্ষ্য ছিল সারা দেশের তরুণ মেধাবীদের এমন প্রযুক্তি-নির্ভর সমাধান তৈরি করতে উৎসাহিত করা, যা বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবেলা করে আরও স্মার্ট ও টেকসই ভবিষ্যৎ গঠনে সহায়তা করবে।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2025, 07:19 PM

Updated : 26 Aug 2026, 02:37 PM

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক (এআই) আইডিয়া প্রতিযোগিতা গ্রামীণফোন ‘ফিউচারমেকার্স’-এ সেরার শিরোপা জিতেছে টিম ওয়াটারমেলন।

বুধবার রাজধানীর একটি হোটেলে এ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে পর্বে ’ইশারা: বাংলা সাইন ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর’ প্রকল্পের জন্য চ্যাম্পিয়ন হয় দলটি। 

টিম ওপিয়ন তাদের ‘এআই-ড্রিভেন নিউজ ক্রেডিবিলিটি প্ল্যাটফর্ম’ প্রকল্পের জন্য হয়েছে প্রথম রানার-আপ। টিম সিন্যাপজ তাদের ‘এআই ইনক্লুশন ফর ডিফারেন্টলি-এবলড লার্নারস’ প্রকল্প এবং টিম লাস্তা তাদের ’দিশা: ফাইন্যান্সিয়াল ইনক্লুশন থ্রু এআই’ প্রকল্পের জন্য যৌথভাবে দ্বিতীয় রানার-আপ হয়েছে। 

বৃহস্পতিবার গ্রামীণফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “এ উদ্যোগের লক্ষ্য ছিল সারা দেশের তরুণ মেধাবীদের এমন প্রযুক্তি-নির্ভর সমাধান তৈরি করতে উৎসাহিত করা, যা বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবেলা করে আরও স্মার্ট ও টেকসই ভবিষ্যৎ গঠনে সহায়তা করবে।”

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার সৈয়দা তাহিয়া হোসেন, চিফ বিজনেস অফিসার আসিফ নাইমুর রশীদ এবং চিফ ইনফরমেশন অফিসার নিরঞ্জন শ্রীনিবাসন।

 ইয়াসির আজমান বলেন, “আমরা যখন এআই-নির্ভর ভবিষ্যতের দিকে অগ্রসর হচ্ছি, তখন তরুণ প্রজন্মকে সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে প্রয়োজনীয় দক্ষতা ও মানসিকতা অর্জনে সহায়তা করাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রামীণফোনে আমরা এআই-কে দেখি উদ্ভাবন, উৎপাদনশীলতা ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির নিয়ামক হিসেবে। 

“‘ফিউচারমেকার্স’-এর মাধ্যমে আমরা এমন তরুণ উদ্ভাবকদের গড়ে তুলতে চাই, যারা ভবিষ্যতের কর্মশক্তিকে নেতৃত্ব দেবে এবং দেশের ডিজিটাল অর্থনীতিতে অবদান রাখবে।”

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিযোগিতার বিজয়ীরা গ্রামীণফোনের শীর্ষ প্রতিভা উন্নয়ন কর্মসূচিগুলোতে অংশগ্রহণের সুযোগ পাবেন।

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণে গত সেপ্টেম্বর মাসে শুরু হয়েছিল ‘ফিউচারমেকার্স’ প্রতিযোগিতা।

প্রাথমিক বাছাই পর্ব শেষে নির্বাচিত দলগুলো বিচারক প্যানেলের সামনে তাদের এআই-ভিত্তিক ধারণাগুলো উপস্থাপন করে।