‘মাল্টিকারেন্সি কার্ড’ সেবা চালু করল ব্র্যাক ব্যাংক
এ উদ্যোগ এসএমইদের ব্যবসায়িক কার্যক্রমকে আরও সহজ ও গতিশীল করবে, বলছে ব্যাংক কর্তৃপক্ষ।
দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) অনুমোদিত স্থানীয় ও বিদেশি মুদ্রায় ‘বি-টু-বি’ লেনদেনের সুবিধা দিতে ‘ভিসা মাল্টিকারেন্সি এসএমই বিজনেস’ ডেবিট ও ক্রেডিট কার্ড চালু করেছে ব্র্যাক ব্যাংক।
এ উদ্যোগ এসএমইদের ব্যবসায়িক কার্যক্রমকে আরও সহজ ও গতিশীল করবে বলে বৃহস্পতিবার ব্যাংক কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বুধবার ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এ কার্ড সেবা উদ্বোধন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ভিসার বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ এবং এসএমই ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাজিম হাসান সাত্তার।
এসব কার্ডের মাধ্যমে নির্বাচিত এসএমই গ্রাহকরা নির্ধারিত এসএমই বিজনেস কোটার আওতায় বৈদেশিক মুদ্রা ‘এন্ডোর্স’ করতে পারবেন। এ সুবিধার আওতায় বছরে সর্বোচ্চ ৩ হাজার ডলার বৈদেশিক মুদ্রা লেনদেন করা যাবে। কার্ডগুলো দেশে ও বিদেশে পিওএস, এটিএম এবং ই-কমার্স লেনদেনে ব্যবহার করা যাবে।
