Published : 11 Aug 2026, 12:18 AM
মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ তার কর্মীদের জন্য প্রথমা ডটকমের সঙ্গে দুইদিনব্যাপী বইমেলা ‘বইবন্ধন’ আয়োজন করেছে।
মূলত নগদের কর্মীদের বই কেনার সুযোগ দিতে সোমবার থেকে মেলা শুরু হয়।
নগদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বনানীতে নগদের প্রধান কার্যালয়ে প্রথম আলোর নির্বাহী সম্পাদক ও কবি সাজ্জাদ শরিফ, নগদের প্রশাসক মোতাছিম বিল্লাহ, জ্যেষ্ঠ সহযোগী প্রশাসক সৈয়দ হীমঈয়ানউদ্দিন আহমেদ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সাজ্জাদ শরিফ বলেন, “বর্তমানে মানুষের মধ্যে পড়ার প্রবণতা কমে গেছে। পড়ালেখা ও শিক্ষার মাধ্যমে একটি সমাজ এগিয়ে যায়। যে কারণে সময় বদলে গেলেও পড়া বা জানার কোনো বিকল্প নেই। কোনো জাতি ভালো করতে পারে একমাত্র পড়ার মাধ্যমেই।”
মোতাছিম বিল্লাহ বলেন, ছোটবেলা থেকে তিনি বই পড়ায় অভ্যস্ত। তবে বই পড়ার সঙ্গে বাস্তবের অর্জিত জ্ঞানের প্রয়োগ জরুরি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেলায় প্রথমা প্রকাশিত বইয়ে ২০ শতাংশ ও বিদেশি বইয়ের বেলায় ৫ শতাংশ ছাড়ে নিতে পারবেন নগদ কর্মীরা। এর বাইরে নগদের বাংলা কিউআর কোড-এর মাধ্যমে অর্থ পরিশোধ করলে অতিরিক্ত ৫ শতাংশ মূল্যছাড় রয়েছে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন নগদের হেড অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স মুহাম্মদ জাহিদুল ইসলাম।