নয় মাসে ব্র্যাক ব্যাংকের আমানত বেড়েছে ১৩,৫০০ কোটি টাকা
“গ্রাহকের সাথে আস্থার সম্পর্ককে আমরা আমানত সংগ্রহে সবচেয়ে বড় দক্ষতা হিসেবে দেখি,” বলেন ব্যাংকের এমডি।
চলতি বছরের প্রথম নয় মাসে ব্র্যাক ব্যাংকের শাখাগুলোর মাধ্যমে আমানত বেড়েছে সাড়ে ১৩ হাজার কোটি টাকা।
জানুয়ারি থেকে সেপ্টেম্বর সময়ে আমানতের এ প্রবৃদ্ধি আমানত সংগ্রহে ব্যাংকটির ‘টেকসইতার প্রতিফলন’ বলে বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে ব্যাংকটি।
এতে বলা হয়, কয়েক বছর ধরে ব্যাংকের ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের আমানত সংগ্রহে লক্ষণীয় এ প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। এমন মাইলফলক ব্যাংকিং খাতে আমানত সংগ্রহে নতুন বেঞ্চমার্ক তৈরি করে চলেছে।
এ উপলক্ষে গত সোমবার ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও তারেক রেফাত উল্লাহ খান এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক উপস্থিত ছিলেন।
এ সময় ব্র্যাংকটির ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের রিজিওনাল হেড, ক্লাস্টার হেড এবং ব্রাঞ্চ ম্যানেজারসহ উপস্থিত ছিলেন সিনিয়র জোনাল হেড (নর্থ) এ. কে. এম. তারেক এবং সিনিয়র জোনাল হেড (সাউথ) তাহের হাসান আল মামুন।
এমডি তারেক রেফাত বলেন, “গ্রাহকের সাথে আস্থার সম্পর্ককে আমরা আমানত সংগ্রহে সবচেয়ে বড় দক্ষতা হিসেবে দেখি।
“আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ২০২৫ সালের বাকি সময়ে এবং সামনের বছরগুলোতেও ডিপোজিট প্রবৃদ্ধিতে আমাদের এমন সাফল্য অব্যাহত থাকবে।”
