ফ্রাঙ্কফুর্টে ইউরোবাইক ফেয়ারে ‘দুরন্ত’
“মেলায় বিভিন্ন দেশের ১ হাজার ৯০০ কোম্পানি অংশগ্রহণ করছে,” বলছে প্রাণ-আরএফএল।
জার্মানির ফ্রাঙ্কফুর্টে বাইসাইকেলের আন্তর্জাতিক প্রদর্শনী ‘ইউরোবাইকে’ এ অংশগ্রহণ করেছে বাংলাদেশি ব্র্যান্ড ‘দুরন্ত’।
পাঁচ দিনের এ প্রদর্শনী শুরু হয় ২৫ জুন। মেলায় বিভিন্ন দেশের ১৯০০ প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রাণ-আরএফএল বলেছে, ইউরোবাইক বিশ্বে বাইসাইকেলের সবচেয়ে বড় আন্তর্জাতিক প্রদর্শনী। বাইসাইকেলের উৎপাদন ও বিপণন সংশ্লিষ্টরা এ প্রদর্শনীতে অংশ নেয়। অনেক ক্রেতা এ প্রদর্শনীতে ব্যবসায়িক চুক্তিও করে থাকেন।
মেলায় অংশগ্রহণ প্রসঙ্গে দুরন্ত বাইসাইকেলের প্রধান পরিচালন কর্মকর্তা মো. মাহমুদুর রহমান বলেন, দুরন্ত বাইসাইকেল চতুর্থবারের মতো এ প্রদর্শনীতে অংশ নিয়েছে। গত তিনবারের ধারাবাহিকতায় এবারও ক্রেতাদের কাছ থেকে ভালো সাড়া পাবেন বলে আশা করছেন তারা।
“এই আন্তর্জাতিক প্লাটফর্ম আমাদের পণ্যের পরিধি আরও বিস্তৃত করার দারুণ সুযোগ তৈরি করে দিচ্ছে। বর্তমানে আমরা ১৫টি দেশে বাইসাইকেল রপ্তানি করছি। এবারের মেলার মাধ্যমে আমরা নতুন নতুন দেশে রপ্তানি করতে পারব বলে আশা করছি।”
এবারের মেলায় দুরন্ত হাই-এন্ডের ই-বাইকের পাশাপাশি স্টিল ও অ্যালুমিনিয়ামের তৈরি কিডস, জুনিয়র ও অ্যাডাল্টসহ বিভিন্ন ক্যটাগরির সাইকেল প্রদর্শন করছে।
