Published : 31 Jul 2025, 10:31 PM
সিটি ব্যাংকের অর্ধবার্ষিক মুনাফা বেড়েছে; এ বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ‘কনসোলিডেটেড’ শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ২৩ পয়সা, যা ২০২৪ সালের একই মেয়াদে ছিল এক টাকা ৮৫ পয়সা।
ব্যাংকটির ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন বলছে, এই বছরের প্রথম ছয় মাসে ব্যাংকটির কনসোলিডেটেড কর পরবর্তী মুনাফা (প্রফিট আফটার ট্যাক্স) দাঁড়িয়েছে ৩০১ কোটি ১১ লাখ টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ২৪৯ কোটি ৫১ লাখ।
বৃহস্পতিবার সিটি ব্যাংক তাদের ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয় থেকে অনলাইনে বিনিয়োগকারী, শেয়ার বিশ্লেষক এবং গণমাধ্যমের কাছে ব্যাংকের আর্থিক প্রতিবেদন তুলে ধরা হয় বলে ব্যাংক কর্তৃপক্ষের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
অনুষ্ঠানটি বিশ্বজুড়ে ওয়েবে সরাসরি সম্প্রচার করা হয়।
আর্থিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সিটি ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মো. মাহবুবুর রহমান আর্থিক প্রতিবেদনের নানা দিক বর্ণনা করেন। তিনি ব্যাংকের সাম্প্রতিক কৌশলগত অবস্থান এবং ভবিষ্যত পরিকল্পনাও তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হোলসেল ব্যাংকিং প্রধান মেসবাউল আসীফ সিদ্দিকী, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স এ কে এম সায়েফ উল্লাহ কাউসার এবং ক্রেডিট রিস্ক অফিসার মোহাম্মদ ফিরোজ আলম।
অনুষ্ঠানের শেষ পর্বে অংশগ্রহণকারীরা নানা প্রশ্ন তুলে ধরেন এবং প্যানেল সেগুলোর উত্তর দেয়।