কোভিড: ৬৮ রোগী শনাক্ত, মৃত্যু নেই
সর্বশেষ গত ২ জুন দেশে কোভিডে দুইজনের মৃত্যু হয়।
দেশে গত এক দিনে আরও ৬৮ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে, এই সময়ে মৃত্যু হয়নি কারও।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৮৯০টি নমুনা পরীক্ষা করে ওই ৬৮ রোগী শনাক্ত হয়।
তাতে দিনে শনাক্তের হার হয়েছে ৭ দশমিক ৬৪ শতাংশ, আগের দিন যা ছিল ৬ দশমিক ১১ শতাংশ ছিল।
দেশে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ১০ এর নিচে থাকছিল বেশ কয়েক মাস ধরে। মে মাসের মাঝামাঝি সময় থেকে তা আবার একটু একটু করে বাড়তে শুরু করে।
গত ২৯ মে এক দিনেই ১৫৯ জন কোভিড রোগী শনাক্তের খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর, যা সাত মাসের সর্বোচ্চ। তিন দিন বাদে চলতি মাসের প্রথম দিন থেকে নতুন রোগীর সংখ্যা একশর নীচেই থাকছে।
নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৯ হাজার ৬৩৯ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা আগের মতই ২৯ হাজার ৪৪৮ জন রয়েছে।
সর্বশেষ গত ২ জুন দেশে কোভিডে দুইজনের মৃত্যুর খবর এসেছিল। এরপর গত ২ দিন কোভিডে আর কারও মৃত্যু হয়নি।
গত ২৪ ঘণ্টায় ২৬ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ৬ হাজার ৩৫৭ জন।
গত একদিনে শনাক্ত রোগীদের ৬৩ জনই ঢাকার বাসিন্দা। এছাড়া গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, রাজশাহী ও সিলেটে একজন করে নতুন রোগী শনাক্ত হয়েছে।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২০২১ সালের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।
প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।
