১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

কোভিড: শনাক্ত ৬ রোগী, একজনের মৃত্যু

মাঝে সাত দিন বাংলাদেশ ছিল কোভিডে মৃত্যুহীন।

কোভিড: শনাক্ত ৬ রোগী, একজনের মৃত্যু

করোনাভাইরাসের টিকার চতুর্থ ডোজ হিসেবে দেওয়া হচ্ছে ফাইজার-বায়োএনটেকের তৈরি কোভিড-১৯ ভ্যাকসিন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2022, 05:15 PM

Updated : 25 Dec 2022, 05:15 PM

দেশে গত এক দিনে আরও ৬ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে; সাতদিন পর করোনাভাইরাসে একজনের মৃত্যু এসেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৭২টি নমুনা পরীক্ষা করে নতুন ৬ জন রোগী শনাক্ত হয়।

তাতে দিনে শনাক্তের হার ০ দশমিক ৪৪ শতাংশ। আগেরদিন এই হার ছিল ০ দশমিক ৭৮ শতাংশ।

এর আগে সবশেষ গত ১৭ ডিসেম্বর কোভিড আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছিল। মাঝে সাত দিন বাংলাদেশ ছিল কোভিডে মৃত্যুহীন।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৭ হাজার ২৪ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে ২৯ হাজার ৪৩৯ জন।

গত ২৪ ঘণ্টায় ৭৩ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৮৭ হাজার ২৯৭ জন।

গত একদিনে শনাক্ত রোগীদের মধ্যে ৩ জন ঢাকার বাসিন্দা। এছাড়া নেত্রকোণায় একজন, খাগড়াছড়িতে একজন এবং জয়পুরহাট জেলায় ১ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। দেশের বাকি ৬০ জেলায় নতুন করে কারও কোভিড শনাক্ত হয়নি।

গত একদিনে যে ব্যক্তি মারা গেছেন, তিনি ছিলেন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। চল্লিশোর্ধ ওই নারী একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৬৬ লাখ ৭৮ হাজারের বেশি মানুষ। বিশ্বজুড়ে আক্রান্ত ছাড়িয়েছে ৬৫ কোটি ৭১ লাখ।