Published : 22 Oct 2023, 03:47 AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের '১৭তম বার্ষিক কেন্দ্রীয় নাট্য উৎসব’ শুরু হচ্ছে সোমবার।
বিশ্ববিদ্যালয়ের ‘থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ’ বিভাগের আয়োজনে স্নাতক সমাপনী সেমিস্টারের শিক্ষার্থীদের নির্দেশনায় মোট ১৫টি বাংলা নাটক মঞ্চস্থ হবে এবারের উৎসবে।
‘থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ’ বিভাগের চেয়ারপার্সন কাজী তামান্না হক সিগমা গ্লিটজকে বলেন, নয় দিনের এই উৎসব শেষ হবে আগামী ১০ অক্টোবর। ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় নাটকের প্রদর্শনী হবে।
এবারের আয়োজনে সম্মাননা জানানো হবে অভিনেতা ও নাট্যকারে মামুনুর রশীদকে। গত বছর এই সম্মাননা পেয়েছিলেন অভিনেতা আসাদুজ্জামান নূর।
এর আগে এই সম্মাননা পেয়েছেন প্রয়াত নাট্যকার সেলিম আল দীন; অভিনয় শিল্পীদের মধ্যে ফেরদৌসী মজুমদার, সৈয়দ শামসুল হক, আলী যাকের, আতাউর রহমান ও রামেন্দু মজুমদার।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করবেন। বিশেষ অতিথি থাকবেন প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। সভাপতিত্ব করবেন বিভাগের চেয়ারপার্সন কাজী তামান্না হক সিগমা।
অধ্যাপক সিগমা বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক পথচলার অন্যতম বাহক থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ। এবারের উৎসবের উল্লেখযোগ্য বিশেষ দিক হচ্ছে, তরুণরা বাংলা ভাষার প্রতিথযশা সাহিত্যিক রচিত পাণ্ডুলিপি নিয়ে নাটক নির্দশনা দিচ্ছে। এই নান্দনিক আয়োজনে শিক্ষক-শিক্ষার্থীবৃন্দের ঐতিহ্য ও অসাম্প্রদায়িক মানবিক মূল্যবোধ আরো বেগবান হবে বলে আমার দৃঢ় বিশ্বাস।“
উদ্বোধনী দিনে মঞ্চে দেখানো হবে ইফতি শাহরিয়ার রাইয়ানের নির্দেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক 'ডাকঘর'।
উৎসবে আরও প্রদর্শিত হবে রবীন্দ্রনাথ ঠাকুরের 'চণ্ডালিকা', 'স্ত্রীর পত্র', সেলিম আল দীনের 'সংবাদ কার্টুন', 'আহমদ ছফার 'মরণ বিলাস', মনোজ মিত্রের 'মহাবিদ্যা', সৈয়দ শামসুল হকের 'ঈর্ষা', মৌমিতা সরকারের 'বৈদেহী', বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'কমলাকান্তের জোবানবন্দী', আবদুল্লাহ আল-মামুনের 'কোকিলারা', উৎপল দত্তের 'মেঘ', নুরুল মোমেনের 'নেমেসিস', শরদিন্দু বন্দ্যেপাধ্যায়ের 'সত্যান্বেষী', বদরুজ্জামান আলমগীরের 'অহরকণ্ডল' এবং মুনীর চৌধুরীর 'দণ্ডকারণ্য'।
এসব নাটকের নির্দেশনায় রয়েছেন- রিফাত জাহান শাওন, রিফাত করবী, মুজাহিদুল ইসলাম রিফাত, রিজভী সুলতানা, তাহিয়া তাসনিম, মৌমিতা সরকার, মিরহাজুল ইসলাম শিবলী, ইমতিয়াজ আহমেদ, তরিকুল সরদার, সালমান নূর, প্রাণ কৃষ্ণ বণিক, এস এ তানভীর, দেবলীনা চন্দ দৈবী এবং জয়া কান্ত।
(প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ২ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)