পিএসসির সদস্য হলেন জাবি শিক্ষক শামীমা সুলতানা
জুলাই আন্দোলনের সময় নিজের কার্যালয় থেকে শেখ হাসিনার ছবি সরিয়ে আলোচনায় আসেন তিনি।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক শামীমা সুলতানা।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।
জুলাই আন্দোলনের সময় নিজের কার্যালয় থেকে শেখ হাসিনার ছবি সরিয়ে আলোচনায় আসেন এই শিক্ষক।
তিনি বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সহসভাপতি ছিলেন। তবে সংগঠনটির বর্তমান কমিটিতে তিনি কোনো পদ নেই।
২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় অধ্যাপক শামীমা ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি।
২০২৪ সালের ১ অগাস্ট, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতাচ্যুত হওয়ার চার দিন আগে বাংলা বিভাগের সভাপতির কার্যালয় থেকে শেখ হাসিনার ছবি নামিয়ে ফেলেন শামীমা সুলতানা।
ছবি নামিয়ে ফেলার পর তা ক্যামেরাবন্দি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেন এই শিক্ষক।
