২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু করছে ঢাকা বিশ্ববিদ্যালয়

অধ্যাপক মাকসুদ কামাল জানান, ২১টি প্রশ্নের উত্তর দিয়ে শিক্ষার্থীরা অনলাইনে তাদের শিক্ষকের মূল্যায়ন করতে পারবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2022, 10:08 PM

Updated : 12 Oct 2022, 10:08 PM

শ্রেণিকক্ষে পাঠদানে শিক্ষকদের ‘দায়িত্ববোধ ও জবাবদিহিতা’ বাড়াতে শিক্ষার্থীদের মাধ্যমে মূল্যায়নের পদ্ধতি চালু করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অ্যাকাডেমিক কাউন্সিলের এক সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী সর্বোচ্চ ফোরাম সিন্ডিকেটের সভায় বিষয়টি চূড়ান্ত করা হলে এর বাস্তবায়ন শুরু হবে বলে জানিয়েছে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমরা অনলাইনে ইভ্যালুয়েশনটা করতে চাচ্ছি, যাতে শিক্ষার্থীরা নির্ভয়ে এটাতে অংশগ্রহণ করতে পারে। আমরা এটা হয় গুগল ফর্মে করব, অথবা শিক্ষার্থীদের জন্য ফ্রেন্ডলি যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে তারা এই মূল্যায়ন করতে পারবে।”

শিক্ষার্থীরা কীভাবে মূল্যায়ন করবে জানতে চাইলে তিনি বলেন, “মূল্যায়নের জন্য  আমাদের ২১টা প্রশ্ন আছে, এগুলোকে আমরা পাঁচটি ক্যাটাগরিতে বিভাজন করেছি। তার ভিত্তিতে শিক্ষার্থীরা অনলাইনে এ মূল্যায়ন করতে পারবে। অটোমেটেড প্রসেসে ইভ্যালুয়েশন ক্রিয়েশন হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন দেখতে পাবে।”

এ উদ্যোগের উদ্দেশ্য বর্ণনা করে অধ্যাপক মাকসুদ কামাল বলেন, “এর মূল লক্ষ্য এটা নয় যে, ইভ্যালুয়েশনের ওপর ভিত্তি করে প্রমোশন হবে। আমাদের মূল লক্ষ্য অ্যাওয়ারনেস বিল্ডআপ করা, কোয়ালিটি বাড়ানো, এবং শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ইন্টারঅ্যাকশন বাড়ানো, শিক্ষকের রেসপন্সিবিলিটি  অ্যান্ড অ্যাকাউন্টিবিলিটি বাড়ানো।”