২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

সরকারি চাকরিতে দলীয়করণের অভিযোগ তুলে চাকসুর বিক্ষোভ

বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে রোববার রাত সাড়ে ৯ টায় এ বিক্ষোভ হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Sep 2026, 11:41 PM

Updated : 27 Sep 2026, 11:41 PM

সরকারি চাকরিতে ভেরিফিকেশনের মাধ্যমে দলীয়করণ অভিযোগ তুলে প্রার্থীদের নিয়োগ বাতিলের প্রতিবাদে বিক্ষোভ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।

বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে রোববার রাত সাড়ে ৯টায় এ বিক্ষোভ হয়।

বিক্ষোভে চাকসুর যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ইসহাক ভূঁঞা বলেন, “২৪ সালের ৫ অগাস্ট শেখ হাসিনাকে আপামর ছাত্র-জনতা আন্দোলন রক্তের মাধ্যমে বিদায় করে একটি নতুন আকাঙ্ক্ষার জন্য। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আকাঙ্ক্ষা ব্যর্থ হয়ে নির্বাচন দেয়। কিন্তু এরপর জনবিরোধী সব মাস্টার প্ল্যান দেয় এ সরকার। মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলে।

“কোনো চাকরির জন্য প্রস্তুতি নিয়ে জয়েন করতে গেলে নতুন সরকারের প্ল্যানের শিকার হতে হয়। এ সরকার ম্যানেজিং কমিটিতে হাত দেয়, ভাইবার নম্বর বৃদ্ধি করে দলীয় লোক নিয়োগের কথা ভাবে। এখন ভেরিফিকেশনের নাম দিয়ে মেধাবীদের বাতিল করতে চায়।”

সরকারকে উদ্দেশ্য করে ইসহাক বলেন, “আপনারা যদি পাঁচ বছর সুন্দর করে পার করতে চান, তাহলে ছাত্র সমাজেরবিরোধী কোনো সিদ্ধান্ত নিবেন না। বাংলার মানুষ আপনাদের এসব প্ল্যান বেশিদিন দেখবে না।”

চাকসুর জিএস সাঈদ বিন হাবিব বলেন, “আমরা দেখেছি সরকার বিভিন্ন চেয়ারম্যানের পদসহ তাদের লোক দিয়েছে একের পর এক দলীয়করণ করে। তারা এককেন্দ্রিক শাসন ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। ইতিপূর্বে দেখেছেন তারা কমিটির মাধ্যমে নিয়োগ, ভাইবার নম্বর বৃদ্ধি করতে চেয়েছিল, কিন্তু সফল হয়নি।

“আশা করি তারা এ সিদ্ধান্ত থেকে ফিরে আসবে। বাংলাদেশের জনগণ যেভাবে চায়, সে আলোকে দেশ পরিচালনা করুন। সবাই সহযোগিতা করবে।”