২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯ আশ্বিন ১৪৩৩

অনলাইনে যোগ দিলেন চুয়েটের নতুন উপাচার্য, ক্যাম্পাসে মশাল মিছিল

“খুব দ্রুতই ক্যাম্পাসে যাব। তার আগে সব পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়গুলোর সমাধান করা হবে,” বলেন নতুন উপাচার্য।

অনলাইনে যোগ দিলেন চুয়েটের নতুন উপাচার্য, ক্যাম্পাসে মশাল মিছিল

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Sep 2026, 09:48 PM

Updated : 24 Sep 2026, 09:48 PM

আগের উপাচার্যকে পুনর্বহালের দাবিতে তিন দিন ধরে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম যোগ দিয়েছেন।

তিনি অনলাইনে যোগ দিয়েছেন বলে বৃহস্পতিবার রাতে জানিয়েছেন।

শরীফুল আলম বলেন, “বিকেল ৪টার দিকে অনলাইনে যোগদান করেছি। সচিব মহোদয়ের মাধ্যমে যোগদান সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সব দপ্তরে যোগদানের বিষয়টি অবহিত করা হয়েছে।”

ক্যাম্পাসে সশরীরে যাওয়ার বিষয়ে তিনি বলেন, “খুব দ্রুতই ক্যাম্পাসে যাব। তার আগে সব পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়গুলোর সমাধান করা হবে।”

এদিকে আগের উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যাও মশাল মিছিল করেছেন চুয়েট শিক্ষার্থীরা। সোমবার রাতে নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন হওয়ার পর থেকেই তারা আন্দোলন করে আসছেন।

আন্দোলনকারীরা মঙ্গলবার সকাল থেকে শাটডাউন ঘোষণা করে ক্যাম্পাসের মূল ফটকে তালা দিয়ে বিক্ষোভ শুরু করেন। আন্দোলনের কারণে তিনদিন ধরে অচল হয়ে আছে ক্যাম্পাস। হয়নি কোনো ক্লাস-পরীক্ষা।

বৃহস্পতিবার রাতে মশাল মিছিলে হাজারো ছাত্র-ছাত্রী অংশ নেন। শিক্ষার্থীরা অধ্যাপক সায়েমকে উপাচার্য পদে ফেরানোর দাবিতে স্লোগান দেন।

গত ২৭ জুলাই উপাচার্যের দায়িত্ব পেয়েছিলেন বিশ্ববিদ্যালয়টির যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম। ২১ সেপ্টেম্বর তাকে ওই পদ থেকে অব্যাহতি দিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য করা হয়।

৫৬ দিনের মাথায় উপাচার্য পরিবর্তনের এ সিদ্ধান্তের প্রতিবাদে ওই রাতেই ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। পরে তারা অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে শাটডাউন কর্মসূচি ঘোষণা করেন।

শিক্ষার্থীদের কর্মসূচিতে শুরু থেকে একাত্মতা প্রকাশ করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

বৃহস্পতিবার বিকালে শিক্ষক সমিতি সংবাদ সম্মেলন করে বলে, নতুন উপাচার্যকে তারা চুয়েটে চান না। একই সংবাদ সম্মেলন থেকে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও আগের উপাচার্যকে পুনর্বহালের দাবি তুলে ধরেন।