১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আসাদ দিবসে 'আত্মমর্যাদা' রক্ষায় ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান

"আমাদের দরকার হাজারো আসাদের, যারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষায় আসাদের মতো জীবন বাজি রেখে লড়াই করবে।”

আসাদ দিবসে 'আত্মমর্যাদা' রক্ষায় ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান

শহীদ আসাদ দিবস স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবেশ শেষে ছাত্র ফেডারেশনের মিছিল।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2024, 09:48 PM

Updated : 20 Jan 2024, 09:49 PM

‘দাসত্বের শৃঙ্খল’ ভেঙে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।

শহীদ আসাদ দিবস স্মরণে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সমাবেশে এই আহ্বান জানানো হয়।

১৯৬৯ সালের ২০ জানুয়ারি পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুব খান সরকারের বিরুদ্ধে বিক্ষোভের সময় পুলিশের গুলিতে প্রাণ হারান জীবন দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান।

তার মৃত্যুর ৫৫ বছর পূর্তির দিন এই সমাবেশে ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান খান রিচার্ড বলেন, "বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা আজ হুমকির মুখে। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষায় জনগণের ঐক্যবদ্ধ ভূমিকা দরকার, দরকার গণআন্দোলন-গণঅভ্যুত্থানের।

"আমাদের দরকার হাজারো আসাদের, যারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষায় আসাদের মতো জীবন বাজি রেখে লড়াই করবে।”

রিচার্ড বলেন, “বর্তমান সরকার তার ‘অবৈধ ক্ষমতা’কে টিকিয়ে রাখতে জনগণের ভোটাধিকারসহ সব গণতান্ত্রিক অধিকার ‘হরণ করেছে’। ‘প্রভুদের’ সাহায্য নিয়ে বিরোধীদের দাবি অগ্রাহ্য করে ৭ জানুয়ারির প্রহসনের নির্বাচনের মাধ্যমে তার অবৈধ ক্ষমতার নবায়ন করেছে। বাংলাদেশকে বিদেশি প্রভুদের দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে। বর্তমান সরকার নাগরিক থেকে আমাদের প্রজায় পরিণত করেছে।“

ছাত্র ফেডারেশনের ঢাকা নগর শাখার সাধারণ সম্পাদক হাসান আল মেহেদীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র ফেডারেশনের অনুপম রায় রূপক, আরমানুল হক, সীমা আক্তার, আথাং বম, তাইরান আবাবিল রোজাস।