মেস থেকে সাবেক জবি শিক্ষার্থীর লাশ উদ্ধার
নাট্যকলা বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন আকাশ সরকার ; তার বাড়ি ফরিদপুরে।
পুরান ঢাকার গেন্ডারিয়া এলাকার একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধারের তথ্য দিয়েছে পুলিশ।
আকাশ সরকার নামের ওই শিক্ষার্থী নাট্যকলা বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি ফরিদপুর ।
রোববার রাত সাড়ে ৯টার দিকে গেন্ডারিয়ার ভাট্টিখানা এলাকার একটি মেস থেকে তার মরদেহ উদ্ধার করার কথা জানান গেন্ডারিয়া থানার তদন্ত কর্মকর্তা নাজমুল হাসান।
তিনি বলেন, “আমরা সাড়ে ৯টার দিকে সংবাদ পেয়ে ঘটনা স্থলে আসি। মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল। লাশ ময়নাতদন্তের জন্য মিডফোর্ট হাসপাতালে পাঠানো হয়েছে।”
একই বাসায় থাকা ইশতিয়াক বলেন, “আমার পরীক্ষা, এজন্য পড়ছিলাম। পরে ভাইয়ের বান্ধবী আমাকে ফোন দিলে আমি দরজা ধাক্কা দিতে থাকি। এক পর্যায়ে দরজা খুলে যায়। এসময় ভাইয়ের ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে ফোন দিই।”
