১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ডাকসু: ‘নীল নকশা রুখে’ দেবে শিক্ষার্থীরা, আশা অদিতি-নাইমদের

অনলাইনে ‘মিথ্যা জরিপ’ প্রকাশ করে এবং ‘ভুয়া তথ্য’ ছড়িয়ে কেউ কেউ শিক্ষার্থীদের ‘বিভ্রান্ত’ করছেন বলেও অভিযোগ তাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2025, 10:13 PM

Updated : 26 Aug 2026, 02:15 PM

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে যারা ‘নীল নকশা’ বাস্তবায়ন করার চেষ্টা করছেন, তাদের ভোটের মাধ্যমে শিক্ষার্থীরা ‘বৃদ্ধাঙ্গুলী’ দেখাবে বলে মনে করছে বামপন্থি তিন ছাত্র সংগঠন সমর্থিত প্যানেল ‘অপরাজেয় ৭১-অদম্য ২৪’।

রোববার সন্ধ্যার আগে মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে এই প্যানেলের তরফে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতদুষ্টতা, আচরণবিধি ভঙ্গসহ নানা অভিযোগ তুলে ধরা হয়।

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একাংশ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএলের (বাংলাদেশ জাসদের ছাত্র সংগঠন) সমন্বয়ে এ প্যানেল।

প্যানেলটির ভিপি পদ প্রার্থী মো. নাইম হাসান হৃদয় বলেন, “অনেক প্রার্থীই নানান চটকদার ইশতেহার হাজির করছেন; যারা শিক্ষার্থীদের বিভ্রান্ত করছেন, তাদেরকে শিক্ষার্থীরা বর্জন করবে বলেই বিশ্বাস করি।”

প্রশাসন ‘পক্ষপাতিত্ব’ করছে অভিযোগ করে তিনি বলেন, “যারা ষড়যন্ত্র করার চেষ্টা করছেন, তাদেরকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ভোট দেবেন আমাদের শিক্ষার্থীরা। ঢাবির শিক্ষার্থীরা সচেতন এবং তারা প্রশাসনের ‘নীল নকশা’ বাস্তবায়ন করতে দেবেন না।”

একই প্যানেলের এজিএস প্রার্থী অদিতি ইসলাম বলেন, “আমরা প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ পাচ্ছি। কিছু প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে চানখাঁরপুলে নিয়ে শিক্ষার্থীদের খাওয়াচ্ছেন।

“সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী প্রার্থীদের এখনো সাইবার বুলিং করা হচ্ছে। প্রশাসন নির্বিকার, কোনো পদক্ষেপ নেয়নি।”

অনলাইনে ‘মিথ্যা জরিপ’ প্রকাশ করে এবং ‘ভুয়া তথ্য’ ছড়িয়ে কেউ কেউ শিক্ষার্থীদের ‘বিভ্রান্ত’ করছেন বলেও অভিযোগ করেন তিনি।

প্রশাসন ‘শিক্ষার্থীদের নিরৎসাহিত’ করার জন্য কাজ করছে অভিযোগ করে অদিতি বলেন, “নির্বাচনের দিন অনাবাসিক শিক্ষার্থীদের আনার জন্য অতিরিক্ত বাস রাখা হয়নি।”

এই সব কিছুর জবাব ভোটকেন্দ্রেই হবে, এমন আশা প্রকাশ করে এই প্রার্থী বলেন, “ভোটারদের কাছে আমরা চাই, আপনার ভোট দিতে আসুন। প্রশাসনের যারা ‘নীল নকশা’ সাজাচ্ছে, তাদেরকে ‘বৃদ্ধাঙ্গল’ দেখিয়ে ভোট দিন।”

তফসিল অনুযায়ী, ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ হবে।