১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রসাটমের ‘অ্যাটমিক কুইজ’: বিজয়ীদের রাশিয়া ভ্রমণের সুযোগ

এতে অংশ নিতে ১০ নভেম্বরের মধ্যে নিবন্ধন সেরে ফেলতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2025, 01:15 PM

Updated : 26 Aug 2026, 02:35 PM

রাশিয়ার পরমাণু শক্তি সংস্থা রসাটমের আয়োজনে আগামী ১০ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে ‘গ্লোবাল অ্যাটমিক কুইজ’, যার বিজয়ীদের জন্য থাকছে রাশিয়া ভ্রমণের সুযোগ।

বিশ্ব বিজ্ঞান দিবস উদযাপনে প্রতি বছর এ কুইজ আয়োজন করে থাকে রসাটম। এবারের কুইজটি অনলাইন ও অফলাইনে বাংলাসহ ১৬টি ভাষায় আয়োজন করা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

রাশিয়া, বাংলাদেশসহ বেশ কিছু দেশে আয়োজন করা হবে অফলাইন প্রতিযোগিতা। মূল আয়োজনটি অনুষ্ঠিত মস্কোতে, যেখানে অংশ নেবেন বিশ্ববিদ্যালয় পড়ুয়ারা।

বাংলাদেশে দুটি স্থানে অফলাইন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ঢাকার নভোথিয়েটারে অবস্থিত পরমাণু শক্তি বিষয়ক তথ্যকেন্দ্র ‘আইকোন’ এবং ঈশ্বরদী পৌরসভায় অবস্থিত পারমাণবিক তথ্যকেন্দ্র ‘পিআইসি’-তে হবে এ প্রতিযোগিতা। নির্ধারিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ দুই স্থানে প্রতিযোগিতা করতে পারবেন।

প্রতিযোগিতায় ইতিহাস, বর্তমান ও ভবিষ্যত প্রযুক্তির ওপর ১৮টি প্রশ্নের উত্তর দিতে হবে, যার জন্য প্রতিযোগীরা সময় পাবেন ২৪ ঘণ্টা।

এতে অংশ নিতে ১০ নভেম্বরের মধ্যে ওয়েবসাইটে (https://quiz.atomforyou.com/bn/) নিবন্ধন সেরে ফেলতে হবে। 

ওয়েবসাইটের মাধ্যমে অংশগ্রহণকারীরা প্রস্তুতির জন্য বিভিন্ন মাত্রার জটিল টেস্ট বা পরীক্ষায় অংশগ্রহণ করে অনুশীলনের সুযোগ নিতে পারেন।

 আগামী ২২ নভেম্বর একই ওয়েবসাইটে বিজয়ীদের নাম প্রকাশ করা হবে। ১০০ জন বিজয়ী এক্সক্লুসিভ পুরস্কার পাবেন, তবে প্রথম তিনজনের জন্য থাকবে রসাটমের আতিথেয়তায় রাশিয়া ভ্রমণের সুযোগ। 

প্রত্যেক অংশগ্রহণকারীর জন্য থাকবে একটি ইলেকট্রনিক সার্টিফিকেট।

গ্লোবাল অ্যাটমিক কুইজের প্রথম আসর বসে ২০২০ সালে। এ পর্যন্ত শতাধিক দেশের ৬৫ হাজারের বেশি প্রতিযোগী এ আয়োজনে অংশগ্রহণ করেছেন। রসাটমের আন্তর্জাতিক নেটওয়ার্ক রাশিয়াসহ সারাবিশ্বে ২৫টি পরমাণু তথ্যকেন্দ্র পরিচালনা করছে।