১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ডাকসু নির্বাচন: উপাচার্যের বক্তব্য ঘিরে ক্যাম্পাসে মিশ্র প্রতিক্রিয়া

তবে কয়েকটি সংবাদমাধ্যমে উপাচার্যের বক্তব্যকে ‘বিকৃতভাবে’ উপস্থাপনের তথ্য তুলে ধরে এর প্রতিবাদ করেছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর।

ডাকসু নির্বাচন: উপাচার্যের বক্তব্য ঘিরে ক্যাম্পাসে মিশ্র প্রতিক্রিয়া
ফাইল ছবি।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2025, 12:39 AM

Updated : 26 Aug 2026, 01:38 PM

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কোনো ধরনের বাধার মুখে পড়লে সবাইকে ডেকে জানিয়ে দেবেন বলে মন্তব্য করেছেন উপাচার্য নিয়াজ আহমেদ খান।

তিনি বলেন, “এই আয়োজনে যতক্ষণ সবাই আমার হাত ধরবেন, ততক্ষণ আমি মাঠে থাকব। যেখানে আমার হাত ছেড়ে দেবেন, আমি পরিষ্কার সবাইকে ডেকে এনে কোন পর্যায়ে আছি বলে দেব যে, এই জায়গাতে আমার বাধা হচ্ছে।”

শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজিত একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তার এ বক্তব্যকে ঘিরে সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর কয়েকটি ছাত্র সংগঠন মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করে।

এ নিয়ে ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ছাত্র অধিকার পরিষদের ‘ডাকসু ফর চেঞ্জ’ প্যানেলের ভিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্লা বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন নানা কৃত্রিম সংকট তৈরি করে ডাকসু নির্বাচন পেছানোর চেষ্টা করছে।”

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেলের জিস প্রার্থী আবু বাকের মজুমদারও ডাকসু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন। বলেন, “শিক্ষার্থীরা ও আমরা আশঙ্কা করছি যে এ নির্বাচন সুষ্ঠু হয় কিনা।”

তবে সন্ধ্যায় কয়েকটি সংবাদমাধ্যমে উপাচার্যের বক্তব্যকে ‘বিকৃতভাবে’ উপস্থাপনের তথ্য তুলে ধরে এর প্রতিবাদ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর।

‘ডাকসু নির্বাচন বাধাগ্রস্ত হলে দায়িত্ব ছেড়ে সব বলে দেবেন ঢাবি ভিসি’ এমন খবর প্রকাশের প্রতিবাদ করে বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্যের বক্তব্য ‘বিকৃতভাবে প্রচার করা’ হয়েছে। তিনি এমন কোনো কথা বলেননি।

বিবৃতিতে বলা হয় উপাচার্য নিয়াজ আহমেদ ওই বৈঠকের শেষে বলেছিলেন, “আমার কথা পরিষ্কার, সকল অংশীজনের সঙ্গে ৭০টির বেশি মিটিং-আলোচনা করে আমরা এতটুক এগিয়েছি। সবাই যতক্ষণ আমার সাথে থাকবেন, ততক্ষণ এ প্রক্রিয়া চলবে। যখন আপনি হাত ছেড়ে দেবেন, আমি সবাইকে ডেকে এনে কোন পর্যায়ে আছি সেটা আপনাদেরকে জানিয়ে দেব।”