Published : 08 Oct 2025, 12:34 AM
‘ফল ২০২৫’ সেমিস্টারে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নিয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি।
সোমবার বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে নবীনদের ওরিয়েন্টেশন হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
উপাচার্য সৈয়দ ফারহাত আনোয়ার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেন।
অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন নবীনদের উদ্দেশে বলেন, “তোমাদের প্রজন্ম বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার স্বপ্ন দেখিয়েছে। যার ভিত্তি হল সুশাসন, মানব উন্নয়ন, ন্যায়বিচার ও উন্নয়ন। আমার বিশ্বাস তোমরা বাংলাদেশকে সত্যিকার অর্থে সমৃদ্ধশালী করে গড়ে তুলতে পারবে।”
উপাচার্য বলেন, “আমাদের সবাইকে একসঙ্গে হয়ে মানবকল্যাণে কাজ করতে হবে। স্রষ্টা আমাদের সেজন্যই এই পৃথিবীতে পাঠিয়েছেন।”
বাছবিচারহীনভাবে ইন্টারনেট ব্যবহার ও কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর নির্ভরশীলতা কমাতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়ে তিনি বলেন, “এখন আমাদের কিছু জানার প্রয়োজন হলেই আমরা ইন্টারনেট ঘাঁটি। ইন্টারনেটে অনেক মিথ্যা তথ্য থাকে। আমাদের উচিত পারস্পরিক আলাপ আলোচনা করা, লেখাপড়া করা এবং বোঝাপড়ার মাধ্যমে নিজেদের এবং অন্যের জ্ঞানবৃদ্ধি করা।”
অনুষ্ঠানে ব্র্যাক ইউনিভার্সিটির ইতিহাস, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুযোগ-সুবিধা, রেসিডেন্সিয়াল সেমিস্টার, ক্লাবের কার্যক্রমসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
অনুষ্ঠানে চারজন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ফারহা হাসান প্রীতি ‘ব্র্যাকইউ অল্টার’ দলের নেতৃত্ব দিয়ে ‘আইডিয়া ইনোভেশন ৫.০’-এর চ্যাম্পিয়ন হওয়ার জন্য পুরস্কার পান।
একই বিভাগের শিক্ষার্থী নাফিম করিম খান ‘হুয়াওয়ে সিডস ফর দ্য ফিউচার ২০২৫ বাংলাদেশ’ প্রোগ্রামে বিজয়ী আটজন বাংলাদেশি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর একজন হিসেবে নির্বাচিত হওয়ায় সম্মাননা পান।
আর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাতুল হাসান ও তাজনিয়া তাবাসসুম অনন ‘বিডি অ্যাপস ইনোভেশন সামিট ২০২৫’-এ দ্বিতীয় রানারআপ হওয়ার জন্য পুরস্কৃত হন।
ওরিয়েন্টেশনে ভিডিওবার্তায় শিক্ষার্থীদের ব্র্যাক ইউনিভার্সিটিতে স্বাগত জানান রেজিস্ট্রার ডেভিড ডাউল্যান্ড।
অনুষ্ঠানে স্কুল অব জেনারেল এডুকেশনের ডিন অধ্যাপক সামিয়া হক, প্রক্টর রুবানা আহমেদ, বিএসআরএম স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন প্রফেসর আরশাদ মাহমুদ চৌধুরী বক্তব্য দেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন স্টুডেন্ট লাইফের যুগ্ম পরিচালক তাহসিনা রহমান।