জবি উপাচার্যের সঙ্গে দেখা করে নিরাপত্তাহীনতার কথা জানালেন আন্দোলনকারীরা
বিশ্ববিদ্যালয় প্রশাসনকে উদ্দেশ্য করে ইভান বলেন, “ছাত্রলীগকে কেন প্রশাসন সুযোগ সুবিধা দিবে?”
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে দিনভর আন্দোলনের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাঁচজন আন্দোলনকারী শিক্ষার্থী উপাচার্যে সঙ্গে দেখা করেছেন।
মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপাচার্য সাদেকা হালিমার কনফারেন্স রুমে আন্দোলনকারী শিক্ষার্থীদের পাঁচ সদস্যের একটি দল বিভিন্ন অভিযোগ নিয়ে নিয়ে যায়।
পাঁচজন শিক্ষার্থী হলেন- ইভান তাওসিফ, স্বর্ণা আক্তার, আবদুল্লাহ মাফি, আবু বকর ও শাহীন আলম শান।
বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী শাহীন আলম উপাচার্যকে বলেন, সরকার দলীয় লোক শিক্ষার্থীদের উপর ইটপাটকেল নিক্ষেপ করেছে। তারা শিক্ষার্থীদের উপর সরাসরি গুলি ছুড়েছে। এতে চারজন গুলিবিদ্ধ হয়েছে, একজন ছুরিকাঘাতে আহত হয়েছে। এছাড়াও গতকাল ৫০-৬০ জন শিক্ষার্থী আহত হয়েছে।
তিনি বলেন, “এরকম যৌক্তিক আন্দোলন এত জটিল কেন হচ্ছে? আমরা আমাদের আন্দোলনে প্রশাসনকে সহযোগী হিসেবে পাইনি। আমাদের লাঠি থাকলেও আমরা কোনো ধরণের নাশকতা করিনি। আমাদের প্রত্যেক শিক্ষার্থী দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন।”
বিশ্ববিদ্যালয় প্রশাসনকে উদ্দেশ্য করে ইভান বলেন, “ছাত্রলীগকে কেন প্রশাসন সুযোগ সুবিধা দিবে? তারা যেভাবে নারী, বোনদের উপর আক্রমণ করছে তা নিন্দনীয়, এরপরেও শিক্ষার্থীদের পেটানোর জন্য প্রশাসনের পক্ষ থেকে তাদের বাস দেওয়া হচ্ছে।”
বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ১৬ ব্যাচের শিক্ষার্থী স্বর্ণা আক্তার বলেন, “আমরা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ আন্দোলন করে আসছি। প্রধানমন্ত্রী যখন আমাদের রাজাকারের বাচ্চা বলে সম্বোধন করে তখন আমরা আর সহ্য করতে পারিনি। ছাত্রলীগ নৃশংসভাবে শিক্ষার্থীদের উপর ঝাঁপিয়ে পড়েছে। আমি নিজেও আহত, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।”
ছাত্রলীগ আন্দোলনকারীদের ক্যাম্পাসে ঢুকতে বাধা দিচ্ছে বলেও অভিযোগ জানান তারা।
এসময় উপাচার্য সাদেকা হালিম বলেন, “আমি শুরু থেকে শিক্ষার্থীদের জন্য যা কিছু প্রয়োজন সব করছি। কোটা সংস্কার নিয়ে সরকার কখনও বলেনি আমরা মানব না।”
তিনি বলেন, “আমাদের চারজন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন। আমি ঢাকা মেডিকেল ডিরেক্টরের সাথে কথা বলেছি। আমাদের কয়েকজন শিক্ষকও সেখানে রয়েছেন। আমাদের যেকোনো শিক্ষার্থীকে আমরা অবশ্যই দেখব। আমরা তোমাদের বিষয়ে উদ্বিগ্ন।”
ছাত্রী হলের নিরাপত্তা নিয়ে উপাচার্য বলেন, “প্রক্টর একটি রেসপন্স টিম গঠন করে দিবে শিক্ষার্থীদের সহায়তার জন্য। হলে বলে দিচ্ছি, প্রভোস্ট হলের সকল ছাত্রীর নিরাপত্তা নিশ্চিত করবে।”
মঙ্গলবার বিকাল সাড়ে তিনটার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে ক্যাম্পাস থেকে বের হলে রায়সাহেব বাজার মোড়ে তাদের ওপর হামলা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী গুলিবিদ্ধ এবং একজন ছুরিকাঘাতে গুরুতর আহত হন।
গুলিবিদ্ধ শিক্ষার্থীদের উদ্ধার করে প্রথমে ঢাকা ন্যাশনাল মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। সেখান তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। ঢাকা মেডিকেলের হাসপাতালের জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।
আন্দোলনের মধ্যে জগন্নাথের গুলিবিদ্ধ শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন ম্যানেজমেন্ট বিভাগের ফেরদৌস আহমেদ, মার্কেটিং বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী অনিক। বাকি দুজনের পরিচয় এখনো জানা যায়নি।
আরও পড়ুন:
