Published : 27 Dec 2025, 07:36 PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ‘সি’ ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
এবার ৫২০টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ২০ হাজার ৬৮৬ জন শিক্ষার্থী। এর মধ্যে পরীক্ষায় বসেন ১৮ হাজার ৬৩০ জন। সে হিসাবে উপস্থিতির হার ৯০ দশমিক ০৬ শতাংশ।
শনিবার দুপুর ১২টায় পরীক্ষাটি শেষ হওয়ার পর বিকালে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ফেইসবুক পেইজে পোস্ট দিয়ে ‘সি’ ইউনিটের বিষয়ে এসব তথ্য জানানো হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ ১২টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ঢাকার কেন্দ্রগুলো হলো- জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল ও বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
এবার ১০০ নম্বরের পরীক্ষায় ৭২ বরাদ্দ ছিল বহুনির্বাচনী প্রশ্নে (এমসিকিউ)। বাকি ২৮ নম্বর নির্ধারণ করা হবে এসএসসি ও এইচএসসি (বা সমমান) পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ওপর।
গত ১৩ ডিসেম্বর ‘ই’ ইউনিটের (চারুকলা অনুষদ) ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা শুরু করে। এরপর শুক্রবার ‘এ’ ইউনিটের পরীক্ষা মোট ১২টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়।
ঘোষিত সূচি অনুযায়ী, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষা আগামী ৯ জানুয়ারি (বেলা ১১টা থেকে দুপুর ১২টা) এবং কলা ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা আগামী ৩০ জানুয়ারি (বেলা ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা) হওয়ার কথা রয়েছে।