Published : 15 May 2026, 09:40 AM
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) হয়ে গেল স্প্রিং-২০২৬ সেমিস্টারের নবীনবরণ।
বৃহস্পতিবার রাজধানীর মহাখালী ক্যাম্পাস অডিটোরিয়ামে এ অনুষ্ঠান আয়োজন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, উপাচার্য আব্দুল আউয়াল খানের সভাপতিত্বে এ আয়োজনে গেস্ট অব অনার ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য সচিব হাসনাত মোশাররফ।
শিক্ষার্থীদের ‘আদর্শ নাগরিক’ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়ে আবদুল আউয়াল বলেন, “বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই গবেষণামূলক কার্যক্রমে সম্পৃক্ত হওয়া শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সেই সঙ্গে প্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে সময়োপযোগী দক্ষতা অর্জনের ওপর জোর দেন তিনি।
অনুষ্ঠানে হাসনাত মোশাররফ বলেন, “বিশ্ববিদ্যালয় জীবন কেবল ভালো ফলাফল অর্জনের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং সমাজে ইতিবাচক প্রভাব সৃষ্টি, নেতৃত্বগুণ বিকাশ এবং অন্যদের ক্ষমতায়নের মানসিকতা গড়ে তোলাও গুরুত্বপূর্ণ।
“পাশাপাশি প্রযুক্তিনির্ভর এই সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ নতুন জ্ঞান ও দক্ষতা অর্জনে আজীবন শেখার মানসিকতা ধরে রাখতে হবে।”
অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুযোগ-সুবিধা, অ্যাকাডেমিক কার্যক্রম ও সহশিক্ষা কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়া হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক মনজুর মোর্শেদ মাহমুদ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক আবুল কাশেম, আইকিউএসি পরিচালক অধ্যাপক মোহাম্মদ একরামুল হক, ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলী, রেজিস্ট্রার ফাইজুল্লাহ কৌশিক।
অনুষ্ঠানের শেষভাগে মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন ছিল।