ঢাবিতে ২ দিনের ‘ওয়ার্ল্ড ডেমোক্রেসি কংগ্রেস’ শুরু
“গবেষণাভিত্তিক অন্তর্দৃষ্টি ও তুলনামূলক অভিজ্ঞতা আরো দৃঢ় সাংবিধানিক কাঠামো গঠনে সহায়তা করে,” বলেন সৈয়দ রেফাত আহমেদ।
বাংলাদেশের গণতন্ত্র বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দুই দিনের ‘ওয়ার্ল্ড ডেমোক্রেসি কংগ্রেস’।
সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের মোজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে এ সম্মেলন শুরু হয়।
পলিটিক্যাল অ্যান্ড পলিসি সায়েন্স রিসার্চ ফাউন্ডেশন (পিপিএসআরএফ) এ কনফারেন্স আয়োজন করে।
উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য রাখেন কনফারেন্সের আহ্বায়ক পিপিএসআরএফের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান।
সদ্যবিদায়ী প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কনফারেন্স উদ্বোধন করেন।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রেজাউল করিম বক্তৃতা করেন।
সৈয়দ রেফাত আহমেদ বলেন, “গবেষণাভিত্তিক অন্তর্দৃষ্টি ও তুলনামূলক অভিজ্ঞতা আরো দৃঢ় আইনগত ও সাংবিধানিক কাঠামো গঠনে সহায়তা করে। তত্ত্ব ও বাস্তবতার মধ্যে সেতুবন্ধন তৈরি এবং গণতান্ত্রিক রূপান্তর নিয়ে গঠনমূলক চিন্তাভাবনার সুযোগ করে দেওয়ার জন্য আমি আয়োজকদের আন্তরিকভাবে অভিনন্দন জানাই।
“আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই কংগ্রেসের আলোচনা বাংলাদেশে চলমান জাতীয় সংস্কার প্রক্রিয়াকে সমৃদ্ধ করবে এবং বৈশ্বিক গণতান্ত্রিক আলোচনায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”
মঙ্গলবার সম্মেলনের দ্বিতীয় দিনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক রওনক জাহান। সমাপনীতে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও নরওয়ের রাষ্ট্রদূত উপস্থিত থাকবেন।
