Published : 19 Aug 2025, 11:58 PM
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রলীগ নেতা জুলিয়াস সিজার তালুকদার ও ইসলামী ছাত্রশিবিরের প্রার্থীদের প্রার্থিতা বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একাংশ।
মঙ্গলবার সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক মাসুম রানা জয় ও সালাহউদ্দিন আম্মার নিলয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, “প্রশাসনের পক্ষ থেকে যখন গঠনতন্ত্র সংশোধনী চাওয়া হয়েছিল তখন থেকেই আমরা বলে এসেছি ডাকসু ও হল সংসদ নির্বাচনে যুদ্ধাপরাধী, গণহত্যার দোসর, সন্ত্রাসী সংগঠনের সাথে সম্পর্কিত ও নিপীড়কদের প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া যাবে না।”
সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রলীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক জুলিয়াস সিজারকে ‘স্বৈরাচারের দোসর’ উল্লেখ করে ছাত্র ইউনিয়নের এই নেতারা বলেছেন, তিনি প্রথম দিনেই মনোনয়ন সংগ্রহ করেছেন।
বিবৃতিতে বলা হয়, ডাকসু গঠনতন্ত্রে বলা আছে, ‘এই সংসদ মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত হবে’। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী, যুদ্ধাপরাধী, গণহত্যার দোসর ইসলামী ছাত্র সংঘের ‘সরাসরি উত্তরাধিকার’ ইসলামী ছাত্রশিবির ডাকসুতে নির্বাচন করার সুযোগ ‘পাওয়ার কথা না’। তারপরও তাদের প্রতি বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসনের একধরনের পক্ষপাত ‘লক্ষ্য’ করা গিয়েছে।
“পরিবেশ পরিষদের সিদ্ধান্তকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার ছাত্রশিবিরকে বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার সুযোগ করে দিয়েছে। আমরা ছাত্রশিবিরের প্রার্থীদেরও প্রার্থিতা বাতিলের দাবি জানাই। যুদ্ধাপরাধী, গণহত্যার দোসর, সন্ত্রাসী সংগঠনের ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করার নৈতিক অধিকার নেই।”