Published : 26 Mar 2026, 12:53 AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের সামনে জমে থাকা বৃষ্টির পানির মধ্যে ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে’ একটি কুকুরের প্রাণ গেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইসমাইলুর রহমান পারভেজ জানান, বুধবার সন্ধ্যায় বৃষ্টির পর রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সন্ধ্যার বৃষ্টির পর হলের গেটের সামনে সড়কে পানি জমে ছিল। আমরা তার পাশেই ছিলাম। কুকুরটি জমে থাকা পানির মধ্যে দিয়ে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়।
“তীব্র চিৎকার শুনে আমরা সেখানে গিয়ে দেখি, দুবার হাঁফ ছেড়ে কুকুরটি সেখানেই মারা গেল।”
এ ঘটনার সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
আইন বিভাগের শিক্ষার্থী রেজওয়ান আহমেদ রিফাত ফেসবুকে লিখেছেন, “পানিতে বিদ্যুতের লাইন ছিল, এই পানিতে পরে কুকুরটি মারা যায়, এখনো ওর শরীর থেকে ধোয়া বের হচ্ছে।”
তিনি লিখেছেন, “সূর্যসেন হলের সামনে নতুন করে ল্যাম্পপোস্ট লাগানো, ক্যাম্পাসে রাত আলোকিত করাই একদল মানুষের কাছে উন্নয়ন নামে পরিচিত।
“এই উন্নয়নের জোয়ারে আমাদের ভাসিয়ে নিয়ে যেতে চায় তারা। কিন্তু শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা কোথায়? হল সংস্কারের নামে ১ মাস বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল, এখনো শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে থাকে। একই সাথে নতুন প্রশাসন এসেছে, শুভেচ্ছার ফুল আর অভিনন্দনের জবাব দিতে দিতেই হয়ত তাদের সময় যাচ্ছে।”
কুকুরটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার পর ঘণ্টাখানেক ওই এলাকায় বিদ্যুৎ বন্ধ রাখা হয়। পরে সাড়ে ১০টায় কুকুরটির দেহ সেখান থেকে সরিয়ে বিদ্যুতের লাইন সচল করা হয়।
এ বিষয়ে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, “কুকুরটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে, তবে সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
“সমস্যার উৎস চিহ্নিত করতে ইলেকট্রিশিয়ানরা ঘটনাস্থলসহ ক্যাম্পাসের অন্যান্য স্থানও পরিদর্শন করছেন।”