Published : 18 Aug 2026, 06:53 PM
শিক্ষার্থীদের মধ্যে বুলিং প্রতিরোধে সচেতনতা বাড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘জাগরণ: বুলিংবিরোধী ক্যাম্পেইন ২০২৬’।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
`শক্তি দেখাও, সহানুভূতিতে’ স্লোগান নিয়ে এ ক্যাম্পেইনে বুলিংয়ের ক্ষতিকর প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা, পারস্পরিক সহমর্মিতা বৃদ্ধি এবং ক্যাম্পাসে ইতিবাচক সম্পর্ক ও নিরাপদ পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।
ক্যাম্পেইনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও মার্কেটিং বিভাগের ২৭তম ব্যাচের শিক্ষার্থী আবিদা আঞ্জুম বলেন, “ক্যাম্পেইনের নাম ‘জাগরণ’ রাখার মূল কারণ হল, আমাদের মধ্যে মনুষ্যত্বের জাগরণ তৈরি করা। আমাদের সামনে যখন কাউকে বুলিংয়ের শিকার হতে দেখি, তখন আমরা কী করলে সে বুলিংয়ের শিকার হবে না, সেই বুদ্ধিমত্তার জাগরণ ঘটানোই আমাদের লক্ষ্য।”
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শাহনাজ হুদা এবং ক্লিনিক্যাল ও কাউন্সেলিং মনোবিজ্ঞানী মো. আসাদুজ্জামান রাজু আকন উপস্থিত ছিলেন।