১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

চবিতে ছাত্রদল ও ছাত্রশিবিরের মুখোমুখি অবস্থান, পাল্টাপাল্টি স্লোগান

"একাত্তরে এদের ধর্ষকের ভূমিকা ছিল, এখনও তারা একই ভূমিকা পালন করছে,” বলেন ছাত্রদলের নেতা নোমান।

চবিতে ছাত্রদল ও ছাত্রশিবিরের মুখোমুখি অবস্থান, পাল্টাপাল্টি স্লোগান
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রোববার রাতে মুখোমুখি অবস্থান নিয়ে পাল্টাপাল্টি স্লোগান দেয় ছাত্রদল ও ছাত্রশিবির।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2026, 01:08 AM

Updated : 11 Sep 2026, 03:24 PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মুখোমুখি অবস্থান নিয়ে পাল্টাপাল্টি স্লোগান দিয়েছে ছাত্রদল ও ছাত্রশিবির। 

রোববার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় অবস্থান নেওয়ার আগে ক্যাম্পাসেও মিছিলও করেন দুই ছাত্রসংগঠনের নেতাকর্মীরা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্রশিবিরের বিরুদ্ধে ‘গুম ও অপহরণের নাটক সাজানোর’ অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। 

মিছিলটি জিরো পয়েন্ট থেকে শুরু হয়। সোহরাওয়ার্দী মোড় হয়ে ফের জিরো পয়েন্টে গিয়েই জড়ো হন নেতাকর্মীরা। 

সেখানে বক্তব্য দিতে গিয়ে ছাত্রশিবিরের এক কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগের প্রসঙ্গ টানেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান।

তিনি বলেন, "একাত্তরে এদের ধর্ষকের ভূমিকা ছিল, এখন ছাব্বিশে তারা সেই ভূমিকা পালন করছে। আমরা এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলব। আমরা সহাবস্থান চাই, তবে কোনো ধর্ষককে মেনে নেব না। আগের দিন নাই। এ দিন জুলাই-পরবর্তী দিন।

অন্যদিকে বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর বিরুদ্ধে হিজাব নিয়ে কটাক্ষ করার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা। মিছিল শেষে তারাও অবস্থান নেন জিরো পয়েন্ট এলাকায়। 

সেখানে ছাত্রশিবিরের আন্তর্জাতিক ও মানবাধিকার সম্পাদক ও চাকসুর জিএস সাঈদ বিন হাবিব বলেন, "গত ১৭ বছরে পুরো ক্যাম্পাসে ছাত্রলীগ যেভাবে দমন-পীড়ন চালিয়েছে, এখন ছাত্রদলের মধ্যেও সে ধরনের প্রবণতা দেখা যাচ্ছে। 

“বিএনপির একজন সংসদ সদস্য মুখভর্তি দাড়ি রেখে আবার পর্দার বিপক্ষে কথা বলছেন। আমরা ছাত্রদলকে বলব, তারা যেন নিজেদের লাগাম টেনে ধরে। অন্যথায় আমরা আন্দোলনের মাধ্যমে তাদের লাগাম টেনে ধরব।"

প্রত্যক্ষদর্শীরা বলেন, দুই সংগঠন মুখোমুখি অবস্থান নেওয়ার পর সেখানে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা অবস্থান নেন। পরে রাত ১১টার পর উভয় সংগঠনের নেতার্কমীরা জিরো পয়েন্ট এলাকা ছেড়ে যান।