২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘যৌন নিপীড়নের’ অভিযোগ: ঢাবি শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

ওই শিক্ষককে বৃহস্পতিবার গ্রেপ্তার করে পুলিশ। এর আগে তাকে একাডেমিক দায়িত্ব থেকে সরিয়ে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2025, 08:47 PM

Updated : 26 Aug 2026, 05:07 PM

ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক অধ্যাপক এরশাদ হালিমের বিরুদ্ধে মানববন্ধন করেছেন একদল শিক্ষার্থী। 

শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশের এ কর্মসূচি থেকে এরশাদ হালিমের ‘দৃষ্টান্তমূলক’ বিচারের দাবি তোলা হয়। 

মানববন্ধনে ‘হ্যাং-হ্যাং, রাপিস্ট’, ‘জ্বালোরে-জ্বালো, আগুন জ্বালো’, ‘ধর্ষকের গদিতে, আগুন জ্বালাও একসাথে’, ‘অ্যাকশন-অ্যাকশন, ডাইরেক্ট  অ্যাকশন, হালিমের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’সহ নানা স্লোগান দিতে দেখা যায়। 

এর আগে গত বৃহস্পতিবার যৌন নিপীড়নের অভিযোগে ওই শিক্ষকের বিরুদ্ধে উপাচার্যকে স্মারকলিপি দেন রসায়ন বিভাগের একদল শিক্ষার্থী। 

অভিযোগের ভিত্তিতে এরশাদ হালিমকে সকল প্রকার ‘একাডেমিক ও প্রশাসনিক’ কাজ থেকে বিরত রাখার সিদ্ধান্তের কথা জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

শুক্রবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমদ বলেন, “বৃহস্পতিবার ওই শিক্ষকের বিরুদ্ধে একদল শিক্ষার্থী অভিযোগ জানিয়েছে।

“সঙ্গে সঙ্গে তাকে সব একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আর অভিযোগটি যৌন নিপীড়ন সেলে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী স্বপন মিয়া বলেন, “এরশাদ হালিমকে শিক্ষক বলতে আমাদের লজ্জা হয়। এরশাদ হালিম শিক্ষক হিসেবে কলঙ্ক। তিনি দীর্ঘদিন শিক্ষার্থীদের বিভিন্ন দুর্বলতাকে কাজে লাগিয়ে গত ১৫ বছর শিক্ষার্থীদের নিপীড়ন করে আসছে। ৯২ ব্যাচ থেকে শুরু করে ১০৪ ব্যাচ পর্যন্ত তার বিকৃত মানসিকতার শিকার হয়েছে।” 

রসায়ন বিভাগের শিক্ষার্থী অরনী বলেন, “এরশাদ হালিম আমাদের সিনিয়র, জুনিয়র ও ভাইদের যে হেনস্তা করেছে, আমরা তার বিচার চাই। তিনি যখন ক্লাসে যেতেন, শুধু ক্লাসে ছাত্রদের পড়াতেন। তিনি ক্লাস শেষে সবাইকে কল দিতে বলতেন। কল দিয়ে জিজ্ঞেস করতেন খাইছো কিনা, কি করতেছি। একজন শিক্ষক হিসেবে উনি কি এটা  করতে পারেন? আমরা ওনার বিচার চাই।” 

মানববন্ধন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিসে মিছিল নিয়ে যান আন্দোলনকারীরা।

মানববন্ধনে ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ ও ডাকসুর সদস্য সর্বমিত্র চাকমাও উপস্থিত ছিলেন। 

গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে যৌন নিপীড়নের অভিযোগে ছাত্রের করা মামলায় ঢাকার শেওড়াপাড়ার বাসা থেকে এরশাদ হালিমকে গ্রেপ্তার করে পুলিশ।