১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাসায় অচেতন পড়ে ছিলেন ঢাবি শিক্ষার্থী, হাসপাতালে নিয়ে জানা গেল মৃত

এসআই জাহিদ বলেন, "প্রাথমিকভাবে বিষপানে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।"

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2026, 12:04 PM

Updated : 26 Aug 2026, 03:17 PM

ঢাকার হাজারীবাগ এলাকার এক বাসা থেকে এক ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসকরা।

সাইদুল আমীন সীমান্ত নামে ২৫ বছর বয়সী ওই তরুণ রসায়ন বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি নরসিংদির মনোহরদী থানার বীরগাঁও গ্রামে, বাবার নাম সদরুল আমীন।

হাজারীবাগের মনেশ্বর রোডে পাঁচতলা একটি ভবনের নিচতলার বাসায় বন্ধুর সঙ্গে ভাড়া থাকতেন সীমান্ত।

হাজারীবাগ থানার এসআই মো. জাহিদ হাসান জানান, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে সীমান্তকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়

“রাতে খবর পেয়ে আমরা ঢাকা মেডিকেলে গিয়ে সীমান্তের লাশ পাই। ঘটনার সময় তার আরেক রুমমেট বাইরে ছিল বলে জানতে পেরেছি।”

এসআই জাহিদ বলেন, "প্রাথমিকভাবে বিষপানে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।"

সীমান্তের চাচা রুহুল আমিন বলেন, "রাত সাড়ে ১২টার দিকে সীমান্তের বন্ধু বাইরে থেকে এসে দরজা বন্ধ পায়। অনেকক্ষণ ডাকাডাকি করে সাড়াশব্দ না পেয়ে আমাকে ফোন দেয়। 

“এরপর বাসায় গিয়ে দরজা ভেঙে সীমান্তকে বিছানায় অচেতন অবস্থায় পাই। দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানায়।"

সীমান্তের এক বোন মানসিক ভারসাম্যহীন। তাদের মা কোভিডের সময় মারা গেছেন। এসব নিয়ে সীমান্ত 'হতাশাগ্রস্ত' ছিলেন বলে তার চাচার ভাষ্য।