জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পিছিয়ে ২৪ মে
এই সিদ্ধান্তের কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় বলেনি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা ২১ দিন পেছানো হয়েছে।
৩ মের বদলে নতুন ঘোষণা অনুযায়ী আগামী ২৪ মে শনিবার এ ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে পরীক্ষা পেছানোর কথা জানানো হয়। তবে এর কারণ সেখানে বলা হয়নি।
আগে এসএসসি ও এইচএসসির ফলের ভিত্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোতে স্নাতক প্রথম বর্ষে ভর্তির সুযোগ থাকলেও ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে প্রথমবারের মত পরীক্ষা নেওয়া হচ্ছে।
গত ২০ জানুয়ারি এই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে জাতীয় বিশ্ববিদ্যালয়। সেখানে বলা হয়, ভর্তি পরীক্ষা হবে ১০০ নম্বরে। এমসিকিউ পদ্ধতিতে ১০০টি প্রশ্নের উত্তর দিতে হবে পরীক্ষার্থীদের। সময় হবে ১ ঘণ্টা।
জাতীয় বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের পাওয়া নম্বরের সঙ্গে এসএসসি পরীক্ষায় পাওয়া জিপিএর ৪০ শতাংশ ও এইচএসসিতে পাওয়া জিপিএর ৬০ শতাংশ যোগ করে ২০০ নম্বরের মেধা তালিকা প্রস্তুত করা হবে।
গত ২১ জানুয়ারি থেকে অনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন গ্রহণ শুরু হয়। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনগ্রহণ চলে। পরে গত ১৬ এপ্রিল প্রকাশিত এ বিজ্ঞপ্তিতে আবেদনের সময় ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
http://app11.nu.edu.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে প্রার্থীরা আবেদন করতে পারবেন। ফরম পূরণের ফি ৭০০ টাকা। ২৭ এপ্রিলের মধ্যে কলেজের নির্ধারিত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বা সরাসরি ফি জমা দেওয়ার সুযোগ পাবেন ভর্তিচ্ছুরা।
২৮ এপ্রিল পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ অনলাইনে প্রাথমিক আবেদন ফরম নিশ্চয়ন করার সুযোগ পাবে।
