২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ভূমিকম্প: জবি চার দিন বন্ধ ঘোষণা, পরের পাঁচ দিন অনলাইন ক্লাস

আর সোমবার প্রতিটি বিভাগীয় শহরে নিজস্ব বাসের মাধ্যমে শিক্ষার্থীদের পৌঁছে দেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2025, 05:02 PM

Updated : 26 Aug 2026, 05:10 PM

অল্প সময়ের ব্যবধানে বারবার ভূমিকম্পের ঘটনায় আতঙ্কের পরিস্থিতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রথমে একদিনের জন্য ক্লাস ও পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত হলেও পরে চার দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ছুটি থাকার পর ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত অনলাইন ক্লাস পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

আর সোমবার প্রতিটি বিভাগীয় শহরে নিজস্ব বাসের মাধ্যমে শিক্ষার্থীদের পৌঁছে দেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।  

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ফেইসবুক পেইজে প্রকাশ করা এক বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্ত জানানো হয়।

একই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনও প্রথমে একদিনের জন্য ক্লাশ ও পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয়। কিন্তু পরে ১৫ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

কয়েক দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প হয়েছে শুক্রবার সকালে। তীব্র ঝাঁকুনিতে ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে ১০ জন প্রাণ হারান। 

রিখটার স্কেলে ৫.৭ মাত্রার ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৩ কিলোমিটার দূরে নরসিংদীরই মাধবদীতে, কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। স্থায়ীত্ব ছিল ২৬ সেকেন্ড।

শনিবার সকাল ও সন্ধ্যায় আরও তিনটি মৃদু ও হালকা মাত্রার ভূমিকম্প হয়েছে, যার একটির উৎপত্তিস্থল ছিল ঢাকার বাড্ডা। আর অন্য দুটির উৎপত্তিস্থল ছিল নরসিংদী।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছে, ভূমিকম্প পরবর্তী উদ্ভূত জরুরি পরিস্থিতিতে এক জরুরি সভায় তারা চার দিন ছুটি ও পরের পাঁচ দিন অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সভায় সাম্প্রতিক ভূমিকম্পে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনায় নিয়ে ঝুঁকি নিরূপণ ও পরবর্তী কার্যক্রম পরিচালনার স্বার্থে সামগ্রিক ক্যাম্পাস পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে আগামী ২৭ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। 

সোমবার প্রত্যেক বিভাগীয় শহরে নিজস্ব বাসের মাধ্যমে শিক্ষার্থীদের পৌঁছে দিবে প্রশাসন।  

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক তারেক বিন আতিক এক ফেইসবুক পোস্টে লিখেছেন, “উপাচার্যের আদেশে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবহন পুলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে আগামীকাল সকাল থেকে গাড়ি বিভাগীয় শহরগুলোর উদ্দেশ্যে ছেড়ে যাবে।”

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “২৪ নভেম্বর সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একমাত্র আবাসিক হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল ত্যাগের নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত হয়। এছাড়া আগামী ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম অনলাইন প্ল্যাটফর্মে পরিচালিত হবে।”

সভায় বিশ্ববিদ্যালয়ের লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিনকে আহ্বায়ক করে বুয়েটের বিশেষজ্ঞসহ একটি কমিটি গঠন করা হয়েছে, যা ভূমিকম্প-পরবর্তী বিভিন্ন ভবন পরিদর্শন ও মূল্যায়ন করে ৩ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করবে।

এ সময়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ও উন্মুক্ত লাইব্রেরি বন্ধ থাকবে, শিক্ষার্থীদের পরিবহন বন্ধ থাকবে এবং অফিসসমূহ যথারীতি খোলা থাকবে।

সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমীন, সকল অনুষদের ডিন, সকল ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার, সকল বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, প্রধান নির্বাচন কমিশনার (জকসু) এবং প্রক্টর উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

ভূমিকম্প: রোববার জগন্নাথেও ক্লাস-পরীক্ষা বন্ধ

ভূমিকম্প: ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ দিন বন্ধ ঘোষণা

ভূমিকম্পে তিন জেলায় মৃত্যু বেড়ে ১০

ফের ভূমিকম্পে কাঁপল দেশ, নরসিংদীই উৎপত্তিস্থল