Published : 18 Dec 2025, 07:57 PM
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদীর হামলাকারীদের গ্রেপ্তারে ব্যর্থতা, জননিরাপত্তার অবনতির কারণে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে বিক্ষোভ করেছে জাতীয় ছাত্রশক্তি।
বৃহস্পতিবার ওই বিক্ষোভ মিছিল শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর কুশপুত্তলিকা পুড়িয়েছে সংগঠনটি।
এদিন বিকেল ৫টার পরে রাজধানীর শাহবাগ মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রশক্তি। পরে মিছিলটি টিএসসি হয়ে ভিসি চত্বর প্রদক্ষিণ করে ফের টিএসসিতে যায়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন মিছিলে অংশগ্রহণকারীরা।
মিছিলে ‘এক-দুই-তিন-চার, জাহাঙ্গীর তুই গদি ছাড়’, ‘আমার ভাইরে ফেরায় দে, নাইলে গদি চাইড়া দে’, ‘জাহাঙ্গীর তুই জবাব দে, রুমি মরল কেন’, ‘জাহাঙ্গীরের বিরুদ্ধে লড়াই হবে এক সাথে’, মিটিং করে জাহাঙ্গীরকে, রক্ষা করা যাবে না’, ‘সচিবালয় না রাজপথ, রাজপথ-রাজপথ’, ‘আপোষ না সংগ্রাম, সংগ্রাম-সংগ্রাম’, ‘হাদিরা মরে না, জুলাই হারে না, ‘জনগণের ভয় নাই’, ‘রাজপথ ছাড়ি নাই’ এর মত বিভন্ন স্লোগান দেন সংগঠনটির নেতাকর্মীরা।
সমাবেশে জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান বলেন, “হাদিকে হত্যাকারীদের অবশ্যই গ্রেপ্তার করা হবে। শেখ হাসিনার বিচার এই বাংলাদেশেই হবে, তবে তা জাহাঙ্গীরের (স্বরাষ্ট্র উপদেষ্টা) হাত দিয়ে নয়।
“আমরা জাহাঙ্গীরের কাছে গ্রেপ্তারের কোনো দাবি জানাচ্ছি না। কারণ তিনি এই পদে বসারই অযোগ্য। দায়িত্বজ্ঞানহীন একজন স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে কোনো দাবি জানানো যায় না।”
শুক্রবার আসর নামাজের পর তার ক্যাম্পাসে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের গায়েবানা জানাজা আদায়ের ঘোষণা দেওয়া হয় ওই সমাবেশে।