Published : 06 Jul 2024, 10:29 PM
উত্তরা ইউনিভার্সিটির আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে আয়োজিত এ অনুষ্ঠানে এ বিভাগ থেকে পাস করা প্রায় তিন শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন বলে সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি নাইমা হায়দার বলেন, “পেশাগত জীবনে শুধুমাত্র অর্থের পেছনে নয়, যদি নিষ্ঠার সাথে নিজেকে দেশের সেবক মনে করে কাজ করতে পারেন, তাহলে সম্মান এবং ঐশ্বর্য দুটোই অর্জন করতে পারবেন।”
উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ইয়াসমীন আরা লেখা বলেন, “এখন পর্যন্ত উত্তরা ইউনিভার্সিটির আইন বিভাগ থেকে পড়াশোনা শেষ করে প্রায় তিন হাজার শিক্ষার্থী আইন পেশার সাথে নিয়োজিত রয়েছেন এবং সুনামের সাথে তারা তাদের মেধার স্বাক্ষর দিয়ে যাচ্ছেন। এটি আমাদের কাছে একটি গর্বের বিষয়।”
উত্তরা ইউনিভার্সিটির স্কুল অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন ও আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক গৌর গোবিন্দ গোস্বামী, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহ্ মনজুরুল হক, গাজীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান।
সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনটি শেষ হয়।