Published : 28 Sep 2025, 04:26 PM
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) স্পোর্টস ক্লাবের উদ্যোগে শুরু হয়েছে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট—আইএসইউ ফুটবল ফেস্ট, সিজন–১ ।
রোববার সকালে ঢাকার রয়েল মাল্টিস্পোর্টস এরেনায় এ উৎসব উদ্বোধন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক আব্দুল আউয়াল খান।
টুর্নামেন্ট উদ্বোধন করে তিনি বলেন, “শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
“খেলাধুলা তরুণদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি করার পাশাপাশি মানসিক দৃঢ়তা, শৃঙ্খলা, দলগত নেতৃত্ব এবং পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তোলে।“
অধ্যাপক আব্দুল আউয়াল বলেন, “আমি বিশ্বাস করি, নিয়মিতভাবে খেলাধুলার আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াবে এবং ভবিষ্যতের পেশাগত জীবনেতাদের সাফল্যের পথকে সুদৃঢ় করবে।”
আইএসইউ ফুটবল ফেস্টের এবারের আসরে অংশ নিয়েছে বিভিন্ন বিভাগের ৯টি দল। সেগুলো হলো- অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের মার্চেন্ট ম্যাভেরিক্স, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের টেক্সটাইল ওয়ারিয়ার্স এবং টেকটিক্যাল টেক্স, ব্যবসায় প্রশাসন বিভাগের ডিবিএ প্রাইম ভেলর এবং ডিবিএ লেগেসি ইউনাইটেড, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাইবার স্ট্রাইকার্স এবং বাইনারি ব্লাস্টার্স, আইন বিভাগের লিগাল ঈগল এবং ইংরেজি বিভাগের ইংলিশ ইনভিন্সিবলস টিম।
আইএসইউ স্পোর্টস ক্লাবের প্রধান উপদেষ্টা মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ এইচ টি এম কাদের নেওয়াজ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন মনজুর মোর্শেদ মাহমুদ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন মোহাম্মদ আবুল কাসেম, রেজিস্ট্রার ফাইজুল্লাহ কৌশিক, স্পোর্টস ক্লাবের উপদেষ্টা মনিরুল হাসান মাসুম, মডারেটর মুহাম্মদ আবু নাজিম।