Published : 31 Jan 2026, 01:37 AM
কলা ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ মোট ১৩টি কেন্দ্রে শুক্রবার ওই ইউনিটের পরীক্ষা হয়েছে। ৭৮৫ আসনের বিপরীতে আবেদন করেছিলেন ৭৯ হাজার ৮০৮ জন। তাদের মধ্যে পরীক্ষায় অংশ নেন ৬৭ হাজার ৬১৫ জন। উপস্থিতির হার ছিল ৮৪ দশমিক ৭২ শতাংশ।
ঢাকার অভ্যন্তরে ১০টি কেন্দ্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, কে এল জুবলি হাই স্কুল অ্যান্ড কলেজ, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ঢাকা কলেজিয়েট স্কুল, ঢাকা মহানগর মহিলা কলেজ, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজ ও সিদ্ধেশ্বরী গার্লস কলেজে ভর্তি পরীক্ষা হয়েছে।
আর ঢাকার বাইরে রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রেও এই পরীক্ষা হয়েছে।
গত ১৩ ডিসেম্বর চারুকলা অনুষদভুক্ত ‘ই’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়।
এরপর ২৬ ডিসেম্বর বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ‘এ’ ইউনিট, ২৭ ডিসেম্বর বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘সি’ ইউনিট এবং চলতি বছরের ৯ জানুয়ারি সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষা নেয় এ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।