২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিতে প্রথমবারের মত হল ‘টেডএক্স সাস্ট’

কৃত্রিম বুদ্ধিমত্তা এবং চতুর্থ শিল্প বিপ্লবের এ যুগে নৈতিকতা ও সত্যের ভবিষ্যৎ-এ বিষয়কে ঘিরেই সাজানো হয় আলোচনার মূল কাঠামো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2025, 09:20 PM

Updated : 26 Aug 2026, 02:16 PM

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) প্রথমবারের মত অনুষ্ঠিত হয়েছে ‘টেডএক্স সাস্ট’। 

শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সেখানে বলা হয়, শিল্পকলা, বিনোদন, নকশা, বিজ্ঞান, প্রযুক্তি ও শিক্ষা অঙ্গনে বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে প্রতিষ্ঠিত বিশ্বব্যাপী স্বীকৃত ‘টেড টকস’ থেকে লাইসেন্স নিয়ে শাবিতে প্রথমবারের মত এ অনুষ্ঠান হল।

অনুষ্ঠানের প্রধান পরিচালক নূর মোহাম্মদ আশিক বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং চতুর্থ শিল্প বিপ্লবের এ যুগে নৈতিকতা ও সত্যের ভবিষ্যৎ-এ বিষয়কে ঘিরেই সাজানো হয় আলোচনার মূল কাঠামো। 

প্রযুক্তি, শিক্ষা, ব্র্যান্ডিং, উদ্যোক্তা ও সৃজনশীল অঙ্গনের বক্তারা দিনভর অনুষ্ঠান মঞ্চে তাদের আইডিয়া তুলে ধরেন। 

তাদের মধ্যে ছিলেন- শাহজালাল বিশ্ববিদ্যালয়ের আইপিই বিভাগের অধ্যাপক চৌধুরী আবুল আনাম রাশেদ; বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক মো. আল-আমিন; বেসিসের সাবেক সভাপতি সৈয়দ আলমাস কবির; আন্তর্জাতিক শেফ টনি করিম খান ও পারফেট্টি ভ্যান মিল বাংলাদেশের এইচআর ডিরেক্টর সাব্বির জাহাঙ্গীর; ডেকো ইশো ভেঞ্চার ক্যাপিটালের হেড অফ কমিউনিকেশনস তারিফ মোহাম্মদ খান।

এছাড়া ছিলেন প্রোগ্রামিং হিরোর প্রধান পরিচালন কর্মকর্তা আব্দুর রাকিব; বাংলাদেশের প্রথম নারী এগ্রি-ইনফ্লুয়েন্সার উম্মা কুলসুম পপি; সোহাগ৩৬০ এর সোহাগ মিয়া এবং এয়ারওয়ার্ক এআইয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সায়েম ফারুক।

বিশ্ববিদ্যালয় থেকে স্টুডেন্ট স্পিকার হিসেবে ছিলেন কে এম শরিয়ত উল্লাহ এবং আবুল বাসার রাজ।

নূর মোহাম্মদ আশিক বলেন, “টেড এক্স সাস্ট শুধু একটি অনুষ্ঠান নয়; বরং এটি নানা ভিন্নমতের মানুষের মিলনমেলা, যেখানে নতুন দৃষ্টিভঙ্গি ও অনুপ্রেরণামূলক গল্প সামনে আসবে।”