২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভর্তি পরীক্ষা নিয়ে আন্দোলনকারীদের পুলিশে দিল ঢাবি

'আইন-শৃঙ্খলা বিঘ্নিতের' অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ১৬ জনকে আটক করেছে পুলিশ, যারা সবাই দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের দাবিতে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে ক্যাম্পাসে এসেছিলেন বলে আন্দোলনরতরা দাবি করেছেন।   

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2014, 09:18 PM

Updated : 25 Apr 2022, 05:08 PM

রোববার সকালে টিএসসির রাজু ভাস্কর্যের আশেপাশের এলাকা থেকে তাদেরকে আটক করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন রমনা বিভাগের পুলিশের সহকারী কমিশনার শিবলী নোমান।

আটকরা হলেন-সাজ্জাদ আহমেদ, শফিকুল ইসলাম, লিমন মাতবর, তামজীদ ইবনে কবির, আবু তালেব রাসেল, মো. শাকিল, কৌশিক মিত্র, ইসমাইল হোসেন, শাকিল রহমান, মোস্তাফিজুর রহমান, আরজাদ বোরহান, জামিরুল হক, নাজমুল আহসান, রাফাত ইসলাম, মেজবাহ উল ইসলাম শাহরিয়ার ইমতিয়াজ ও সাইফুল ইসলাম। 

সহকারী কমিশনার শিবলী নোমান বলেন, "বহিরাগতদের কারণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শৃঙ্খলা বিঘ্নিত ঘটেছে। তাই বিশ্ববিদ্যালয়ে প্রশাসন পুলিশের কাছ থেকে সাহায্য-সহযোগিতা চেয়েছিল।

"এর প্রেক্ষিতে রোববার সকালে ক্যাম্পাস থেকে ওই কয়েকজনকে আটক করেছে পুলিশ। আটকরা সবাই বহিরাগত। তাই এদেরকে কোর্টে চালান দেওয়া হয়েছে।"

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আমজাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বহিরাগতরা ক্যাম্পাসে মিছিল-মিটিং করে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পড়াশোনা ও নিরাপত্তা ব্যাহত করছে। ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তাই পুলিশ কর্মকর্তাদের কাছে সহযোগিতা চেয়েছিলাম।

"এ পরিপ্রেক্ষিতে পুলিশ ক্যাম্পাসে কয়েকজনকে আটক করেছে। এদের কেউই ক্যাম্পাসের শিক্ষার্থী না। পুলিশ থানায় নিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিবে না, পুলিশ আটক করেছে পুলিশেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা আইনগত ব্যবস্থা নিবে।"

এদিকে, আটকরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তির সুযোগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তির সুযোগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ফারজানা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল সাড়ে ১০ টিএসসি’র রাজু ভাস্কর্যের পাশে সমাবেশ করার জন্য জড়ো হতে থাকি।

"কিন্তু হঠাৎ করে পুলিশ আমাদের ধাওয়া করে এবং কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যায়। এসময় শিক্ষার্থীরা সোহরাওয়ার্দী উদ্যান ও তার আশপাশে এলাকায় অবস্থান নেয়।"  

বেলা ২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি সুযোগের দাবি পুনর্বহাল ও আটক শিক্ষার্থীদের ছেড়ে দেয়ার দাবিতে উপাচার্য কাযালয়ে সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর মোর্চা প্রগতিশীল ছাত্রজোটের ঢাকা বিশ্ববিদ্যালয় নেতা-কর্মীরা ।

সমাবেশ থেকে বিশ্ববিদ্যালয় প্রগতিশীল ছাত্রজোটের কয়েকজন নেতা উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন।

পরে ঢাবি উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভর্তি পরীক্ষার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় যে সিদ্ধান্ত নিয়েছে তাতে অনড় থাকবে।"