২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি শিক্ষক খুন: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম শফিউল ইসলামের খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2014, 07:59 PM

Updated : 22 Aug 2022, 07:53 PM

সোমবার বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ক্যাম্পাসে এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আশরাফ বলেন, একের পর এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হামলার শিকার হচ্ছেন। শিক্ষকদের গাড়িতে ককটেল নিক্ষেপ করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. আবদুল্লাহ বলেন, “আগামীকাল মঙ্গলবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক কালো ব্যাজ ধারণ করবেন। আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি অধ্যাপক শফিউল হত্যার সুষ্ঠু বিচার চাই এবং শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের কাছে দাবি জানাই।”

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকে মেহেদী হাসান, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক কুন্ডুগোপী দাস, রেজিস্ট্রার মো. মজিবুর রহামান, শিক্ষক সমিতির সহসভাপতি মো. রশিদুল ইসলাম শেখ, প্রক্টর মো. আইনুল হক, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন বিহাস এলাকায় শনিবার বিকালে কুপিয়ে হত্যা করা হয় সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. এ কে এম শফিউল ইসলাম লিলনকে, যিনি বাউল সাধক লালনের ভক্ত ছিলেন।

ঘটনার দিন রাতেই ফেইসবুকে আনসার আল ইসলাম বাংলাদেশ-২ নামে একটি পৃষ্ঠায় এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করা হলেও এ বিষয়ে পুলিশ নিশ্চিত নয় এখনও। 

এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য সোমবার সকাল পর্যন্ত ৩৪ জনকে আটক করেছে পুলিশ।