২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে ভর্তির আবেদন ২৫ অগাস্ট শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে স্নাতকে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া ২৫ অগাস্ট শুরু হবে, চলবে ১৪ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2014, 06:39 PM

Updated : 22 Aug 2022, 06:54 PM

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত এসএসসি এবং ২০১৩ ও ২০১৪ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই শুধু আবেদন করতে পারবেন।

সরকারি মোবাইল ফোন সেবাদানকারী প্রতিষ্ঠান টেলিটক অপারেটরের মাধ্যমে এসএমএস পাঠিয়ে সংশ্লিষ্ট ইউনিটে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা গত বছরের মতো অপরিবর্তিত রয়েছে উল্লেখ করে অধ্যাপক ইলিয়াছ বলেন, মানবিক শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫ সহ মোট জিপিএ ৭ দশমিক ৫ পেতে হবে।

বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৪ সহ মোট জিপিএ ৮দশমিক ৫ পেতে হবে।

এছাড়াও বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫ সহ মোট জিপিএ ৮ পেতে হবে।

ভর্তি পরীক্ষা ১৯ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে। এবার আটটি অনুষদের অধীনে ৮টি ইউনিটে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে।

আবেদনের ফি (ভ্যাটসহ) নির্ধারণ করা হয়েছে কলা অনুষদের এ ইউনিটে ৭৭০ টাকা, আইন অনুষদের বি ইউনিটে ২৭৫ টাকা, বিজ্ঞান অনুষদের সি ইউনিটে ৬৬০ টাকা, ব্যবসায় শিক্ষা অনুষদের ডি ইউনিটে ৪৪০ টাকা, সামাজিক বিজ্ঞান অনুষদের ই ইউনিটে ৭১৫ টাকা, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের এফ ইউনিটে ৫৫০ টাকা, কৃষি অনুষদের জি ইউনিটে ৪৪০ টাকা, প্রকৌশল অনুষদের এইচ ইউনিটে ৪৯৫ টাকা।

ভর্তির বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd এ পাওয়া যাবে।