২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাম্পাসে রাজনীতি: খুবির ৯ শিক্ষককে নোটিশ

ক্যাম্পাসে রাজনৈতিক সমাবেশে যোগ দেয়ায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) নয় শিক্ষকসহ ১০ জনকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2014, 09:09 PM

Updated : 22 Aug 2022, 06:24 PM

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. আমীর আলী মোল্লা সোমবার বিকালে এ নোটিশ দেন।

খুবির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েকউজ্জামান জানান, রাজনীতিমুক্ত বিশ্ববিদ্যালয়ে ৩০ মে ক্যাম্পাসের উন্মুক্ত মঞ্চে স্থানীয় বিএনপির রাজনীতিকদের এনে সভা করে তারা বিশ্ববিদ্যালয়ের ‘অ্যাক্ট’ লংঘন করেছেন।

আগামী সাত কর্মদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

অভিযুক্তরা হলেন- বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. মো. রেজাউল করিম, ড. মো. আশরাফুল আলম, বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. রায়হান আলী, পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কাজী জাহাঙ্গীর হোসেন, ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. শেখ মাহমুদুল হাসান, অধ্যাপক ড. শরীফ মোহাম্মদ খান, অধ্যাপক ড. মেহেদী হাসান মো. হেফজুর রহমান, ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. নাজমুস সাদাত, ফিসারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. আইয়াজ হাসান চিশতি এবং উপ-রেজিষ্ট্রার মো. আলী আকবর।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে আয়োজিত রাজনৈতিক সমাবেশের প্রতিবাদে ও অরাজনৈতিক ক্যাম্পাসকে রাজনীতিকরণের অপচেষ্টার সাথে জড়িতদের শাস্তির দাবিতে রোববার দুপুর ১টায় সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করে।

পরে তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ ফায়েকউজ্জামানের কাছে স্মারকলিপি দেন।