২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিবিরের ‘হুমকির’ পর শাহজালালে পরীক্ষা স্থগিত

ইসলামী ছাত্রশিবিরের ডাকা ধর্মঘটের আগের দিন দলটির এক নেতার ‘হুমকির’ পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের একটি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2014, 10:10 PM

Updated : 01 Sep 2026, 12:35 PM

পদার্থ বিজ্ঞান বিভাগের প্রধান বদিউজ্জমান ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবারের নির্ধারিত তৃতীয় বর্ষের ‘নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান-১’ বিষয়ের চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শিক্ষার্থীরা শিবিরের ‘হুমকির’ কথা বললেও সেই কারণেই পরীক্ষা স্থগিত করা হয়েছে কিনা, সে বিষয়ে কোনো মন্তব্য করেননি বিভাগীয় প্রধান।

পরীক্ষার্থীরা জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে শিবিরের প্রচার সম্পাদক পরিচয়ে এক ব্যক্তি তাদের শ্রেণি প্রতিনিধি প্রশান্ত রায়কে ফোন কেউ যেন ক্লাস-পরীক্ষায় অংশ নিতে না পারেন, সে ব্যাপারে তাকে নজর রাখতে বলে।

এর অন্যথা হলে ‘ভালো হবে না’ বলে হুমকি দেয় ওই ব্যক্তি।

শিক্ষার্থীরা বিষয়টি বিভাগীয় প্রধানকে জানানোর কিছুক্ষণ পর তিনি বুধবারের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত জানিয়ে দেন।

পরীক্ষা স্থগিতের সুনির্দিষ্ট কারণ জানতে চাইলে তিনি বদিউজ্জামান ফারুক বলেন, “বিভাগের চূড়ান্ত পরীক্ষা শুরু হয়েছে। কিন্তু একটু সমস্যার কারণে দুই-একটি পরীক্ষার সূচি এদিক-ওদিক হতে পারে।”

এ ব্যাপারে কথা বলতে শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এহসানুল করিমের মোবাইল ফোনে চেষ্টা করে তা বন্ধ পাওয়া যায়।

বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘চেতনা ৭১’ এর নামফলক ভাংচুর ও এর প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধনে হামলা ঘটনায় এহসানুলসহ শিবিরের ১৪ নেতাকর্মীর স্থায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে ১২ ও ১৩ মার্চ ধর্মঘট  ডেকেছে সংগঠনটি।

১৭ মার্চের মধ্যে বহিষ্কারাদেশ প্রত্যাহার না করলে পরদিন থেকে বিশ্ববিদ্যালয়ে লাগাতার ধর্মঘটের ঘোষণাও দিয়েছে জামায়াতে ইসলামীর এই ছাত্র সংগঠন।

এছাড়া আগামী ২০ ও ২১ মার্চ সিলেট বিভাগে হরতাল পালনেরও ঘোষণা দিয়েছে শিবির।