জগন্নাথের হল দখলমুক্ত চান সাবেক ছাত্রনেতারা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সব হল দখলমুক্ত করার দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়েছেন বামপন্থী বিভিন্ন ছাত্র সংগঠনের সাবেক নেতারা।
শনিবার প্রগতিশীল ছাত্রজোটের প্যাডে পাঠানো এক যৌথ বিবৃতিতে বলা হয়, “বেদখল হওয়া সব হল ও সম্পত্তি উদ্ধারের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে যে আন্দোলন চলছে তাকে আমরা সমর্থন জানাই।”
অবিলম্বে দাবি মেনে নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
বিবৃতিতে বলা হয়, একটি বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি বছরের পর বছর কিছু ভূমিদস্যুর দখলে থাকবে তা মেনে নেয়া যায় না। হলগুলো দখল থাকায় শিক্ষার্থীদের বাসা ভাড়া করে বাইরে থাকতে হচ্ছে। এতে তাদের শিক্ষা ব্যয় বাড়ছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (ফাইল ছবি)
হল ও সম্পত্তি দখলমুক্ত করার পাশাপাশি দখলদারদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ারও দাবি জানান তারা।
সাবেক ছাত্রনেতাদের মধ্যে মুশতাক হোসেন, রুহিন হোসেন প্রিন্স, বজলুর রশীদ ফিরোজ, রাগীব আহসান মুন্না, রাজেকুজ্জামান রতন, আসলাম খান, হাসান হাফিজুর রহমান সোহেল, সাব্বাহ আলী খান, হাসান তারিক চৌধুরী, শরিফুজ্জামান শরিফ, খান আসাদুজ্জামান মাসুম, মানবেন্দ্র দেব বিবৃতিতে সই করেন।
