‘শিক্ষার্থীদের ক্ষতির কারণ ঘটাবেন না’
এসএসসি পরীক্ষায় বিঘ্ন ঘটায় এমন কিছু না করতে সব মহলের প্রতি অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
এসএসসিতে বসেছে ১৪ লাখ শিক্ষার্থী
রোববার এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
প্রথম দিন সকাল ১০টা থেকে আট বোর্ডের অধীনে এসএসসিতে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, সহজ বাংলা প্রথম পত্র এবং বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি প্রথম পত্রের পরীক্ষা শুরু হয়।
আর মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে কুরআন মাজিদ ও তাজবীদ এবং কারিগরি বোর্ডের অধীনে বাংলা-২ সৃজনশীল পরীক্ষা হয়।
দেশের দুই হাজার ৯৪২টি কেন্দ্রে এবার ১৪ লাখ ৩২ হাজার ৭২৭ জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে।
শিক্ষামন্ত্রী বলেন, “কোনো রাজনৈতিক দল, শক্তি, সংগঠন বা ব্যক্তি এমন কাজ করবেন না যেন পরীক্ষা বাধাগ্রস্ত হয়, শিক্ষার্থীরা বাধার মুখে পড়ে।”
এবার পরীক্ষার সময় হরতাল-অবরোধের কর্মসূচি না থাকায় শিক্ষার্থীরা ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশ নিচ্ছেন বলেও উল্লেখ করেন নাহিদ।
তিনি বলেন, “শিক্ষার্থীদের সঙ্গে কথা হয়েছে, এবার কেউ দুঃশ্চিন্তার মধ্যে নেই। সবাই ভাল পরীক্ষা দেবে। পরীক্ষার্থী বেড়েছে, ঝরেপড়ার হারও কমছে।”
বিরোধী দলের হরতালের কারণে গত প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীর দুটি এবং জেএসসি-জেডিসির ১৭টি বিষেয়ের পরীক্ষা পিছিয়ে যায়।
এছাড়া হরতালের ফলে গতবছর এইচএসসির ৪১টি বিষয়ের এবং এসএসসির ৩৭টি বিষয়ের পরীক্ষা পিছিয়ে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
বিভিন্ন পাবলিক পরীক্ষার সময়ে প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠলেও এবার এ বিষয়ে সতর্ক থাকতে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে বলে শিক্ষামন্ত্রী জানান।
এবার বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র এবং গণিত ছাড়া বাকি ২১টি বিষয়ের পরীক্ষা সৃজনশীল পদ্ধতিতে হবে।
আগামী ২০ মার্চ তত্ত্বীয় পরীক্ষা শেষে ২৩ থেকে ২৭ মার্চের মধ্যে ব্যবহারিক পরীক্ষা হবে। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে অর্থাৎ,২০ মের মধ্যে ফল দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
এবার ২৭ হাজার ৪৮৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। এর মধ্যে সাত লাখ ৩৩ হাজার ২০২ জন ছাত্র এবং ছয় লাখ ৯৯ হাজার ৫২৫ জন ছাত্রী।
গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৩ লাখ তিন হাজার ২০৩ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। সেই হিসাবে এবার শিক্ষার্থী বেড়েছে এক লাখ ২৯ হাজার ৫৫৪ জন।
এবার আট বোর্ডের অধীনে এসএসসিতে ১০ লাখ ৯০ হাজার ৫৫৫ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে দুই লাখ ৩৯ হাজার ৭৪৯ জন এবং এসএসসি ভোকেশনালে এক লাখ দুই হাজার ৪২৩ জন শিক্ষার্থী পরীক্ষায় বসেছেন।
এবারো দৃষ্টি প্রতিবন্ধী ও সেরিব্রাল পালসজনিত প্রতিবন্ধী এবং যাদের হাত নেই তারা শ্রুতি লেখক সঙ্গে নিয়ে পরীক্ষা দিতে পারছে। অতিরিক্ত ২০ মিনিট সময় দেয়া হচ্ছে তাদের।
গত পাঁচ বছর ১ ফেব্রুয়ারি খেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হলেও এবার বিশ্ব ইজতেমার কারণে তা আট দিন পিছিয়ে দেয়া হয়েছে।
শনিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, এবারো জনপ্রতিনিধিরা পরীক্ষাকেন্দ্রে যেতে পারবেন না।
শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরাও এবার মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে আসতে পারবেন না। তবে কেন্দ্র সচিব মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছেন নাহিদ।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের সময় শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তাসলিমা বেগম, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবুল কাশেম মিয়া মন্ত্রীর সঙ্গে ছিলেন।
