শাবিতে শিবিরের তাণ্ডবে ঘটনায় আটক ১১
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিবির কর্মীদের হামলা ও ভাংচুরের ঘটনায় জড়িত সন্দেহে ১১ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার ভোরে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান জালালাবাদ থানার এস আই আব্দুল হামিদ।
রোববার দুপুরে ছাত্রলীগের উপর হামলা ও সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক ভবনে এবং শিক্ষক-শিক্ষার্থীদের বাস,মাইক্রোবাস ও প্রাইভেটকার শিবিরকর্মীরা ভাংচুর করে বলে প্রশাসন অভিযোগ করে আসছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে আটকরা হচ্ছে জুনেল মিয়া,চমক আলী,ইব্রাহীম আলী,এহসানুল মাহবুব জুবায়ের, মো. আবুল লেইছ,জাকির হোসেন,কাজী আবেদ আলী,আলী আমজদ খান,মঈনুল আহমদ,মো.বেলাল ও আলিবুর রহমান।তবে তারা এ বিশ্ববিদ্যালয়ের ছাত্র কিনা তা জানাতে পারেনি পুলিশ।
শিবিরের তাণ্ডবে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে দাবি করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিলয় চন্দ্র সরকার।
উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভুইয়া জানান,বিশ্ববিদ্যালয়ের সম্পদ বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে।
এদিকে শিবির কর্মীদের হামলা ও ভাংচুরের ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
এ দাবিতে সোমবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে সমাবেশে কালো ব্যাজ ধারণ ও প্রতিবাদ শোভাযাত্রা করে শিক্ষক সমিতি।
একই দাবিতে দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ বিক্ষোভ মিছিল করে।
প্রতিবাদ সমাবেশে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো.ইউনুস বলেন,"আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ না করি তবে ওই শক্তির বিরুদ্ধে প্রতিরোধ সম্ভব নয়।"
