২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোকেয়ার উপাচার্যকে হত্যার হুমকি ‘শিবিরের’

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ কে এম নূর উন নবীকে শিবির পরিচয়ে হত্যা এবং বাসভবন বোমায় উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়েছে।  

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েণ্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2013, 03:42 PM

Updated : 23 Aug 2022, 07:11 PM

শুক্রবার দুপুরে মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের একটি নম্বর থেকে এই হুমকি আসার পর অধ্যাপক নূর উন নবী জীবনের নিরাপত্তা চেয়ে রংপুর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি জিডি) করেছেন।

উপাচার্য বিডিনিউজ টোয়েণ্টিফোর ডটকমকে বলেন, বেলা ১২টা ২৭ মিনিটে তার ব্যবহৃত মোবাইল ফোনে ০১৯৬৩০৩৪৩১৮ নম্বর থেকে একটি ম্যাসেজ আসে।

তাতে লেখা আছে- “নারায়ে তাকবীর আল্লাহু আকবর। ভিসি সাহেব আপনার ভার্সিটির গ্রেপ্তার হওয়া শিবির নেতাদের দ্রুত মুক্তি দেয়া না হলে আপনার গাড়ি ও বাসভবন বোমা মেরে উড়িয়ে দিয়ে আপনাকে হত্যা করা হবে। তাই বাঁচতে চাইলে শিবির নেতাদের দ্রুত মুক্তির ব্যবস্থা করুন।”

ম্যাসেজটি কে পাঠিয়েছে তার নাম নেই বলে জানান তিনি ।

বিষয়টি  পুলিশ সুপার ও জেলা প্রশাসককে অবহিত এবং জীবনের নিরাপত্তা চেয়ে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেছেন বলেও তিনি জানান।

কোতোয়ালি থানার ওসি সৈয়দ সাহাবুদ্দিন খলিফা সাধারণ ডায়েরি করার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে উপাচার্য এবং ক্যাম্পাসে তার বাসভবনে নিরাপত্তা জোরদার করা হয়েছে।  

গত ২৪ অক্টোবর দুপুরে বিশ্ববিদ্যালয়ের সামনে জাসদ ছাত্রলীগের মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি চলাকালে তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় ছাত্রশিবিরের কর্মীরা। এ সময় ছাত্রলীগকর্মীরা রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সদস্য আসাদুজ্জামান নুর, রহমত আলী ও মোকসেদ আলীকে আটক করে পুলিশে সোপর্দ করে। তারা এখনো কারাগারে রয়েছেন।